ভোররাতে কেঁপে উঠল মাটি, উত্তরাঞ্চলে ফের ভূমিকম্প! রিখটার স্কেলে কম্পনের মাত্রা কত?

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের মাটি। শনিবার ভোর রাতে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় বহু মানুষের ঘুম ভাঙে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ২.৭।

এনসিএস সূত্রে খবর, শনিবার ভারতীয় সময় ভোর ৩:২৯:৫৭ মিনিট নাগাদ অর্থাৎ রাত সাড়ে তিনটে নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। যদিও কম্পনের মাত্রা তুলনামূলকভাবে কম ছিল, তবুও রাতের অন্ধকারে আকস্মিক এই ঝাঁকুনিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের কাছাড় জেলায়। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পন আঘাত হানে। কেন্দ্রস্থলের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ছিল যথাক্রমে ২৪.৮৪ ডিগ্রি উত্তর এবং ৯৩.২০ ডিগ্রি পূর্ব।

সাম্প্রতিক সময়ে উত্তর-পূর্ব ভারতে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা এই অঞ্চলটিকে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন। এই কম্পনে আপাতত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।