ধনতেরাসের সকালেই চরম আতঙ্ক! দিল্লিগামী গরিব রথে দাউ দাউ আগুন, আহত বহু যাত্রী

ধনতেরাসের সকালেই এক মারাত্মক ট্রেন দুর্ঘটনার সাক্ষী হলো উত্তর ভারত। শনিবার সকালে পাঞ্জাবের সরহিন্দ স্টেশনের কাছে ১২২০৪ অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসের একটি কামরায় ভয়াবহ আগুন লাগে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।

জানা গিয়েছে, লুধিয়ানা থেকে দিল্লি যাওয়ার পথে ট্রেনটি সরহিন্দ স্টেশনের কাছে পৌঁছানোর সময় সকাল ৭টা নাগাদ ১৯ নম্বর কামরা থেকে ধোঁয়া বের হতে দেখেন এক যাত্রী। তিনি সঙ্গে সঙ্গে চেন টেনে ট্রেন থামান। এরপরই ধোঁয়ার সঙ্গে আগুনের শিখা দেখা যেতেই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লোকো পাইলট অত্যন্ত তৎপরতার সঙ্গে ইমার্জেন্সি ব্রেক লাগিয়ে ট্রেনটি থামিয়ে দেন। জীবন বাঁচাতে যাত্রীরা হুড়োহুড়ি করে নিজেদের জিনিসপত্র নিয়ে কামরা থেকে নামতে শুরু করেন। এই হুড়োহুড়ির সময় বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগুনে একজন মহিলার পুড়ে যাওয়ার খবরও পাওয়া গিয়েছে। এই ট্রেনে লুধিয়ানার অনেক ব্যবসায়ী ভ্রমণ করছিলেন বলে জানা গেছে।

আগুন লাগার খবর পাওয়া মাত্রই রেলওয়ে এবং পুলিশের দলগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সময়মতো ট্রেন থামিয়ে দেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ধনতেরাসের শুভ দিনে এমন দুর্ঘটনায় যাত্রীরা গভীর আতঙ্কে রয়েছেন। রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।