ধর্মের টানে ছেড়ে দেন অভিনয়, বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা

অভিনয় ছাড়ার প্রায় পাঁচ বছরের মধ্যেই অবশেষে বিয়ে করলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী জায়রা ওয়াসিম। ২০১৯ সালে ধর্মের দোহাই দিয়ে গ্ল্যামার জগৎকে বিদায় জানিয়েছিলেন ‘দঙ্গল’ খ্যাত এই তারকা। হঠাৎ করে তাঁর বিয়ের খবর আসায় হতচকিত বলিউড পাড়া।

শুক্রবার রাতে ইনস্টাগ্রাম পেজে দুটি ছবি শেয়ার করে জায়রা নিজেই তাঁর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। ক্যাপশনে লিখেছেন কেবল— ‘কবুল হ্যায়’।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি দুটিতে জায়রাকে বরের সঙ্গে দেখা গেছে। যদিও বিয়ের সাজে পাত্র-পাত্রীর সম্পূর্ণ ঝলক তিনি দেখাননি। একটি ছবিতে দেখা যায়, লাল রঙের পোশাক পরে জায়রা তাঁর স্বামীর সঙ্গে চাঁদের দিকে মুখ করে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন। বরকে দেখা গেল ঘিয়ে রঙের কাশ্মীরি শালে। চাঁদকে সাক্ষী রেখে দু’জনে জীবনের নতুন ইনিংস শুরু করার মুহূর্ত শেয়ার করেছেন।

অন্য একটি ছবিতে মেহেন্দি পরা হাতে নিকাহনামায় সই করতে দেখা যায় জায়রাকে। তবে কার সঙ্গে তিনি নিকাহ সারলেন, সেই পরিচয় আপাতত গোপনই রেখেছেন আমির খানের এই অনস্ক্রিন কন্যা।

প্রসঙ্গত, জায়রা ওয়াসিম তাঁর ছোট ক্যারিয়ারেই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন। ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে তিনি জাতীয় পুরস্কার পান। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমেও জনপ্রিয়তা অর্জন করেন।

কিন্তু ২০১৯ সালে তিনি সবাইকে অবাক করে দিয়ে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন। সে সময় এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, “অভিনয় করা মুসলিম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার ‘ইমান’ এতে আঘাতপ্রাপ্ত হয়। যেই মুহূর্তে ইমানকে অমান্য বা অবমাননা করা হয়, ঠিক তখনই আমার সঙ্গে আমার ধর্মের সম্পর্কও বারবার সংকটাপন্ন অবস্থায় চলে আসে।… তাই আমি বিদায় নিচ্ছি অভিনয় থেকে।” এই সিদ্ধান্তের জেরে বলিউড একজন প্রতিভাবান অভিনেত্রীকে হারায়।

এবার সেই জায়রা ওয়াসিমের বিয়ের খবরে তাঁর অনুরাগীরা নতুন করে শুভেচ্ছা জানাচ্ছেন।