গেম ছেড়ে ১১ বছরের খুদের হাতে ‘প্লাস্টার অফ প্যারিসের’ কালী! আয়ুষ্মানের সৃজনশীলতায় অবাক পুরুলিয়া, পুজো হচ্ছে বাড়িতেই

পুরুলিয়া জেলার কাশীপুরের বাসিন্দা, মাত্র ১১ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির ছাত্র আয়ুষ্মান দত্ত নিজের সৃজনশীলতা দিয়ে এবার সকলকে মুগ্ধ করল। বর্তমান প্রজন্মের শিশুরা যখন মোবাইল গেমসে মগ্ন, তখন আয়ুষ্মান ‘প্লাস্টার অফ প্যারিস’ ব্যবহার করে মাত্র এক ফুট উচ্চতার এক অনবদ্য কালী প্রতিমা তৈরি করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু তাই নয়, নিজের হাতে গড়া সেই প্রতিমাকে অত্যন্ত ভক্তিভরে সে বাড়ির ঠাকুরঘরে সাজিয়ে তুলেছে।
প্রতিমার নিখুঁত কারুকাজ, সূক্ষ্ম রঙের ব্যবহার এবং আয়ুষ্মানের গভীর নিষ্ঠা ও ভক্তি, সব মিলিয়ে তার এই সৃষ্টি সত্যিই প্রশংসার দাবি রাখে। পরিবারের সদস্যরাও ছেলের এমন বিরল প্রতিভা দেখে গর্বিত ও আনন্দিত।
কীভাবে শুরু এই শিল্পযাত্রা? আয়ুষ্মান জানায়, বাড়ির পাশেই পালপাড়ায় মৃৎ শিল্পীদের প্রতিমা তৈরির কাজ দেখেই তার মনে ইচ্ছে জাগে নিজের হাতে ঠাকুর বানানোর। সেই আগ্রহ থেকেই শুরু হয় তার সৃজনশীলতার প্রকাশ। টানা তিন দিনের কঠোর পরিশ্রমে ‘প্লাস্টার অফ প্যারিস’ দিয়ে সে এই কালী প্রতিমাটি তৈরি করে।
তবে এটি তার প্রথম সৃষ্টি নয়; এর আগে দুর্গাপুজোর সময়েও সে নিজ হাতে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিল। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি গভীর অনুরাগ রয়েছে আয়ুষ্মানের। পড়াশোনার ফাঁকেই সে ছবি আঁকে, রঙ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে, আর সেখান থেকেই জন্ম নেয় তার নতুন নতুন সৃষ্টির ভাবনা।
আয়ুষ্মানের মা পায়েল দত্ত বলেন, “বর্তমানে অনেক শিশুই মোবাইল ও গেমসের প্রতি আসক্ত। সেখানে আয়ুষ্মান মোবাইলের মাধ্যমেই নিজের প্রতিভা বিকাশের চিন্তা করে, এটাই আমাদের সবচেয়ে বেশি অবাক করে। ছোটবেলা থেকেই ওর ছবি আঁকার প্রতি যে ভালোবাসা ছিল, সেটাই আজ ওকে প্রতিমা গড়ার অনুপ্রেরণা দিচ্ছে।”
আয়ুষ্মানের এই নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীলতা বর্তমান প্রজন্মের কাছে সত্যিই এক বড় অনুপ্রেরণা। মোবাইল আসক্তি এড়িয়ে সে যেভাবে নিজের প্রতিভার বিকাশ ঘটাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।