“জিতিয়ে দাও, নয়তো টিকিট নেই!”— বাঁকুড়ায় কাউন্সিলরদের চরম হুঁশিয়ারি সাংসদ অরূপ চক্রবর্তীর! তোলপাড় তৃণমূলের অন্দরমহল

বিধানসভা নির্বাচনে নিজের ওয়ার্ড থেকে দলীয় প্রার্থীদের জয়ী করতে না পারলে আগামী পুরসভা ভোটে আর টিকিট মিলবে না। বাঁকুড়া শহরের তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশ্যে এমনই কড়া বার্তা দিলেন বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী। তৃণমূল সাংসদের এই কঠোর হুঁশিয়ারি জেলার রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করেছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় তৃণমূলের ফল ছিল শোচনীয়। জেলার মোট ১২টি বিধানসভার মধ্যে ৮টিতেই হারতে হয়েছিল শাসকদলকে। এমনকি, গত লোকসভা ভোটে বাঁকুড়া লোকসভা আসনটি তৃণমূল জয়লাভ করলেও, বাঁকুড়া পুর এলাকার ২৪টি ওয়ার্ডের মধ্যে ২১টিতেই পিছিয়ে ছিল। এই ব্যর্থতার পুনরাবৃত্তি এড়াতে এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ায় সংগঠনকে মজবুত করতে মরিয়া তৃণমূল নেতৃত্ব।

জনসংযোগ বাড়ানো এবং মানুষের আস্থা ফেরানোর মূল দায়িত্ব তাই দেওয়া হয়েছে দলীয় কাউন্সিলর এবং স্থানীয় সাংগঠনিক নেতাদের উপর। গতকাল বাঁকুড়া শহরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সেই কাউন্সিলরদেরই হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “নিজের ওয়ার্ডে যিনি দলকে জেতাতে পারবেন না, তিনি আগামী দিনে দলের টিকিট পাবেন না।” একই সঙ্গে সাংগঠনিক নেতাদের উদ্দেশ্যে সাংসদ আরও কড়া বার্তা দেন, “আজই ঠিক করুন ভোট করবেন কিনা? দয়া করে ভিড় বাড়াতে আসবেন না। দলের কাজটা আগে করতে হবে।”

তবে শুধু সাংসদ অরূপ চক্রবর্তী নন, দলের জেলা সভাপতি তারাশঙ্কর রায়ও দলীয় নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন। নিচুতলার অনেক নেতাই একে অপরের কাছে গিয়ে নেতাদের নামে কান ভাঙাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, তৃণমূল সাংসদের এই হুঁশিয়ারিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি, সাংসদ যতই কঠোর বার্তা দিন না কেন, গত বিধানসভা ভোটের মতো এবারও বাঁকুড়ায় শাসক দলের বিপর্যয় অনিবার্য। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এমন কঠোর হুঁশিয়ারি দিতে বাধ্য হচ্ছেন সাংসদ, এমনটাই মত গেরুয়া শিবিরের।