টি-২০-র উত্তেজনায় টেস্টের কৌশল! নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’ এল বিশ্ব ক্রিকেটে, জানুন খেলার নিয়ম

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর এবার বিশ্ব ক্রিকেটে পা রাখল ক্রিকেটের নতুন এবং মিশ্র সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’। ক্রিকেট ডট কমের রিপোর্ট অনুযায়ী, গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) এই বিশেষ সংস্করণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। একটি ভার্চুয়াল সংবাদ বৈঠকের মধ্য দিয়ে কিংবদন্তি ক্রিকেটার ম্যাথু হেডেন, হরভজন সিং, এবি ডি ভিলিয়ার্স এবং ক্লাইভ লয়েড সম্মিলিতভাবে এই নতুন ক্রিকেট ফরম্যাটের সূচনা করেন।
টেস্ট টোয়েন্টির বিশেষত্ব
টেস্ট টোয়েন্টি মূলত টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের একটি মিশ্র রূপ। রিপোর্ট অনুযায়ী, এই বিশেষ সংস্করণটি মূলত তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই ফরম্যাটে ম্যাচ চলবে মাত্র একদিন, যেখানে টি-টোয়েন্টির মতো টানটান উত্তেজনাপূর্ণ লড়াই থাকবে।
খেলার নিয়মাবলী
এই নতুন ক্রিকেট সংস্করণে মোট ৮০ ওভারের খেলা হবে, যেখানে প্রতিটি ইনিংস অনুষ্ঠিত হবে ২০ ওভার করে।
মোট ওভার ও ইনিংস: টেস্ট টোয়েন্টিতে একটি দল দুবার ব্যাট করার সুযোগ পাবে। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে একটি দল মোট ৪০ ওভার ব্যাট করবে।
রান ক্যারিফরোয়ার্ড: টেস্ট ক্রিকেটের মতোই এই সংস্করণেও প্রতিটা ইনিংসের রান পরের ইনিংসে যোগ হবে বা ক্যারিফরোয়ার্ড হবে।
ম্যাচের সমাপ্তি: একটি দল প্রথম ২০ ওভার ব্যাট করে একটি লক্ষ্য তৈরি করবে, যা চেজ করতে নামবে প্রতিপক্ষ দল। এরপর তাদের ইনিংস শেষ হলে ফের আগের দলটি ব্যাট করতে নামবে। তাদের তৈরি করা লক্ষ্য নিয়ে ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামবে বিপরীত দলটি। এভাবে একদিনের মধ্যেই ম্যাচের ফলাফল নির্ধারিত হবে।
অলআউট নিয়ম: যদি কোনও দল ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায়, তাহলে তাদের ইনিংস সেখানেই সমাপ্ত হবে।
স্কোয়াড: এই সংস্করণের জন্য প্রত্যেক দল সর্বোচ্চ ১৬ জনের স্কোয়াড তৈরি করতে পারবে।
কবে থেকে শুরু?
সূত্রের খবর, এই বিশেষ সংস্করণের ম্যাচ শুরু হবে আগামী জানুয়ারি মাস থেকে। ২০২৬ সালের শুরুতেই ‘জুনিয়র টেস্ট টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ’ নামেই এর প্রথম মরসুম শুরু হবে। এই প্রথম মরসুমে ১৩ থেকে ১৯ বছর বয়সী ক্রিকেটাররা অংশ নিতে পারবেন। বলা বাহুল্য, এই নতুন ফরম্যাটের প্রথম মরসুমের আয়োজক দেশ হলো ভারত। প্রথম সিজন শেষ হলেই দ্বিতীয় মরসুমে মহিলা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে।