‘ভাই তোমাকে পাগল করে দেয়, কিন্তু ভাবিজানের ধৈর্য…’! সাইফ-করিনার বিবাহবার্ষিকীতে সাবা আলি খানের আবেগঘন পোস্ট

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সইফ আলি খান ও করিনা কাপুর খান তাঁদের ১৩তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করলেন। এই বিশেষ দিনে তাঁদের শুভেচ্ছা জানালেন সইফের বোন সাবা আলি খান। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ‘নবাব’ ও ‘বেবো’কে উষ্ণ অভিনন্দন জানান তিনি। সেই সঙ্গে পতৌদি পরিবারের একাধিক বিরল ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন সাবা, যেখানে সইফ, করিনা, সোহা আলি খান এবং ছোট ছেলে জেহ-কে এক ফ্রেমে দেখা যাচ্ছে।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে সাবার শেয়ার করা একটি অদেখা ছবি, যেখানে ধরা পড়েছে সইফ-করিনার ডেটিংয়ের সময়ের এক বিশেষ মুহূর্ত। সেই পুরনো ভালোবাসার ছবির পাশে তাঁদের সাম্প্রতিক একটি ছবি জুড়ে সাবা লেখেন, যেন সময় আজও সেখানেই থমকে আছে!

আবেগপ্রবণ পোস্টে সাবা লেখেন, “বিবাহবার্ষিকী স্পেশ্যাল! ভাইয়া আর ভাবিজানকে জানাই অফুরান ভালোবাসা… যখন তোমরা ডেট করতে, সেই সময়ের এই ছবিগুলো আমি তুলে রেখেছিলাম। আজও মনে হয়, সময় যেন থমকে আছে সেখানেই। তোমাদের সম্পর্কের সেই রসায়ন, সেই ঝলক এখনও অটুট… ভাই মাঝে মাঝে তোমাকে পাগল করে দেয়, জ্বালিয়ে মারে… কিন্তু তোমার যে কত ধৈর্য, বিশেষ করে একেক সময় যেভাবে সামলাও…! তোমরা দু’জন একসঙ্গে একেবারে ‘নিখুঁত’।

করিনার প্রশংসা করে সাবা আরও লেখেন, “বেবো তুমি আমাকে ক্যামেরার সামনে পোজ দেওয়া থেকে শুরু করে কত কী যে শিখিয়েছ। ভালো লাগে জীবনের প্রতি তোমার সোজাসাপটা মানসিকতা, যা মনে তাই মুখে এই ব্যাপারটা। এই পরিবারে তোমাকে আজকের দিনে আরও একবার স্বাগত জানাই। তুমি সত্যিই আমাদের পরিবারের অঙ্গ হয়ে গিয়েছ। আর ভাই, তুমি সবসময় আমার হৃদয়েই আছো, থাকবে। তোমাদের বিবাহবার্ষিকীর দিনে এটুকুই বলি, তোমরা সবসময় আমার ভালোবাসা ও প্রার্থনায় থাকবে। তোমাদের দুজনকে জানাই অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা।”

২০০৮ সালে ‘টশন’ ছবির সেটে শুরু হয় সইফ-করিনার প্রেম। কয়েক বছরের সম্পর্কের পর ২০১২ সালের ১৬ অক্টোবর ঘরোয়া অনুষ্ঠানে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালের ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম হয়, আর ২০২১ সালের ফেব্রুয়ারিতে ছোট ছেলে জেহ আলি খানের আগমন ঘটে পতৌদি পরিবারে। এই জনপ্রিয় জুটি ‘এলওসি কার্গিল’, ‘ওমকারা’, ‘টশন’, ‘কুরবান’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন।

অভিনয়ের ক্ষেত্রে করিনা কাপুরকে শিগগিরই মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে দেখা যাবে। সম্প্রতি তিনি রোহিত শেঠির ‘সিংঘম এগেইন’-এ অভিনয় করেছেন, যেখানে অজয় দেবগণ, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ ও অর্জুন কাপুরও রয়েছেন।

অন্যদিকে, সইফ আলি খানকে এ বছরের শুরুর দিকে নেটফ্লিক্সের ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’ ছবিতে দেখা গিয়েছিল। তাঁর আগামী ছবি প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ানে’ অক্ষয় কুমার ও সায়ামী খেরের সঙ্গে অভিনয় করবেন সইফ।