UPI-এর দিন শেষ? এবার নেটওয়ার্ক ছাড়াই হবে লেনদেন, RBI আনল অফলাইন ডিজিটাল টাকা!

মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নিয়ে এল যুগান্তকারী পদক্ষেপ – অফলাইন ডিজিটাল রুপি (e₹)। দেশের ডিজিটাল অর্থ-ব্যবস্থায় এটি এক বিশাল পরিবর্তন আনতে চলেছে, কারণ এর বিশেষত্ব হলো – ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ডিজিটাল লেনদেন। এটি একেবারে নগদ টাকার মতোই ব্যবহার করা যাবে, যা ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিল।
কী এই অফলাইন ডিজিটাল রুপি (e₹)?
অফলাইন ডিজিটাল রুপি হলো RBI কর্তৃক জারি করা একটি কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা (CBDC), যা আমাদের হাতে থাকা নগদ টাকার মতো কাজ করে। এটি সরাসরি RBI দ্বারা জারি হওয়ায় নগদ টাকার মতোই বিশ্বাসযোগ্য এবং এটি ব্যাঙ্কগুলির মাধ্যমে উপলব্ধ ডিজিটাল ওয়ালেটে নিরাপদে সংরক্ষণ করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুর্বল নেটওয়ার্ক বা ইন্টারনেটহীন এলাকাতেও এর মাধ্যমে লেনদেন করা যাবে, যা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও ডিজিটাল পেমেন্টের আওতায় আনবে।
UPI-এর থেকে কোথায় আলাদা?
সাধারণ UPI পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ স্থানান্তরিত হয়। কিন্তু ডিজিটাল রুপি (e₹) কাজ করে ডিজিটাল নগদের মতো। এটি ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে অর্থ পাঠাতে, গ্রহণ করতে বা মূল্য পরিশোধ করতে দেয়। আরও সহজে বলতে গেলে, এটি সরাসরি ওয়ালেটের মধ্যে লেনদেন সম্পন্ন করে, কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার প্রয়োজন হয় না। পাশাপাশি, ইউপিআই কিউআর-কোড স্ক্যান করেও e₹ ওয়ালেট থেকে পেমেন্ট করা যায়।
অর্থমন্ত্রীর ঘোষণা ও পাইলট প্রকল্প
২০২২ সালের ১লা ফেব্রুয়ারি বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ডিজিটাল রুপি চালুর ঘোষণা করেন। RBI সতর্কতার সঙ্গে বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই ডিজিটাল মুদ্রা আইনি স্বীকৃতিও পেয়েছে। প্রাথমিকভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদা-কে পাইলট প্রকল্পে যুক্ত করা হয়। খুচরো গ্রাহকদের (সাধারণ জনগণ) জন্য e₹ ইস্যু, বিতরণ ও ব্যবহারের পরীক্ষামূলক শুরু হয় ২০২২ সালের ১লা ডিসেম্বর থেকে।
অফলাইন e₹ কীভাবে কাজ করে?
অফলাইন ডিজিটাল রুপি প্রধানত দুটি পদ্ধতিতে কাজ করে:
১. টেলিকম-সহায়তাপ্রাপ্ত পেমেন্ট: যেখানে দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল থাকলেও লেনদেন সম্ভব। ২. এনএফসি (ট্যাপ-টু-পে) পেমেন্ট: এটি ইন্টারনেট বা মোবাইল সিগন্যাল ছাড়াই সম্পূর্ণরূপে কাজ করে।
এই প্রযুক্তির ফলে নগদ লেনদেনের মতোই যেকোনোও সময়ে, যেকোনোও জায়গায় লেনদেন করা সম্ভব হবে। পেমেন্ট সম্পন্ন হবে তাৎক্ষণিকভাবে, সরাসরি ওয়ালেটের মাধ্যমে।
কোন কোন ব্যাঙ্ক e₹ ওয়ালেট সুবিধা দিচ্ছে?
বর্তমানে, মোট ১৫টি ব্যাঙ্ক e₹ খুচরো পাইলটে অংশগ্রহণ করছে এবং ডিজিটাল ওয়ালেট পরিষেবা দিচ্ছে: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, কোটাক মহিন্দা ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইনদাসল্যান্ড ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, পিএনবি, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, কর্নাটকা ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্ক।
এই ব্যাঙ্কগুলির e₹ অ্যাপগুলি গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যায়। মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করে খুব সহজে ব্যক্তি-থেকে-ব্যবসায়ী (P2P) বা ব্যাবসায়ী-থেকে-ব্যক্তি (P2M) লেনদেন করা সম্ভব। এই লেনদেনের জন্য কোনো ফি বা ন্যূনতম ব্যালেন্সের দরকার নেই এবং ওয়ালেট হারিয়ে গেলেও তা পুনরুদ্ধার করা যায়।