১৬,০০০ কর্মী ছাঁটাইয়ের পথে নেসলে! চাকরি হারাতে পারেন ভারতের বহু কর্মীও, উদ্বেগে বিশ্ব

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় প্রক্রিয়াকরণ সংস্থা নেসলে (Nestlé) এবার বড়সড় কর্মী সংকোচনের পথে হাঁটছে। সুইৎজ়ারল্যান্ড ভিত্তিক এই বহুজাতিক সংস্থাটি বিশ্বজুড়ে প্রায় ১৬,০০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার মোট ওয়ার্ক ফোর্সের প্রায় ৬ শতাংশ কর্মীর উপর এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে।
কয়েকদিন আগেই নেসলের চিফ এক্জ়িকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন ফিলিপ নাভ্রাতিল। দায়িত্ব গ্রহণের পরই সংস্থার দ্রুত পুনরুত্থানের দিকে নজর দেন তিনি। এই প্রসঙ্গে বৃহস্পতিবার সিইও নাভ্রাতিল জানান, “বিশ্ব ক্রমাগত বদলে যাচ্ছে। ফলে, আমাদেরও দ্রুত পরিবর্তিত হতে হবে। আর তাই কর্মী সংখ্যা কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হচ্ছি।”
নেসলে সূত্রে খবর, আগামী দুই বছরের মধ্যে এই কর্মী ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে উৎপাদন (Production) এবং সাপ্লাই চেইন (Supply Chain) বিভাগ থেকে মোট ৪,০০০ কর্মীকে ছাঁটাই করা হবে। এরপর দ্বিতীয় ধাপে চাকরি খোয়াতে পারেন প্রায় ১২,০০০ কর্মী। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফায় বিশেষত ‘হোয়াইট কলার’ বা উচ্চপদস্থ ও দাপ্তরিক পদে কর্মরত কর্মীদের উপর প্রভাব পড়ার সম্ভাবনা সবথেকে বেশি।
প্রসঙ্গত, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে নেসলে ইন্ডিয়ার নিট মুনাফা কমেছে ২৩.৬ শতাংশ। মুনাফায় এই ধাক্কার পর স্বাভাবিকভাবেই সংস্থার ম্যানেজমেন্ট যথেষ্ট চিন্তিত। বৈশ্বিক বাজারের পরিবর্তন এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করতেই নতুন সিইও-এর নেতৃত্বে নেসলে এবার এই ব্যাপক কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন পদক্ষেপ নিল।