‘হাতের বালা পায়ের তোলা…’: কপিরাইট হারানোর পর স্কুটিতে বসে নতুন গান! ফের ভাইরাল বীরভূমের ভুবন বাদ্যকর

এ যেন ‘কাঁচা বাদাম’ ভার্সন ২! সোশ্যাল মিডিয়ায় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের নতুন ভিডিও দেখে এখন নেটিজেনদের মধ্যে এমন প্রতিক্রিয়াই মিলছে। ফের একবার ভাইরাল হয়েছেন বীরভূমের এই বাদাম বিক্রেতা, আর তাঁর নতুন গান নতুন করে সোশ্যাল মিডিয়ার হট টপিক হয়ে উঠেছে। মোহিত হয়ে তাঁর গান শুনছেন সাধারণ মানুষ।
এক সময়ে ‘কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম’ গান গেয়ে ভুবন বাদ্যকর দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। এমনকী একাধিক মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছিল। তবে ভাগ্যের পরিহাসে সেই জনপ্রিয়তা ধরে রাখা তাঁর পক্ষে কঠিন হয়েছিল এবং একসময়ে তিনি নিঃস্ব হয়ে পড়েন। তবে ধীরে ধীরে সেই জনপ্রিয়তা যেন ফের ফিরে পেতে শুরু করেছেন ভুবনবাবু, আর সেই দৃশ্যই ধরা পড়েছে সামাজিক মাধ্যমের পর্দায়।
ভাইরাল হওয়া নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, ভুবন বাদ্যকর একটি স্কুটিতে হেলমেট হাতে বসে আছেন। গ্রামের পাড়ায় তাঁকে ঘিরে মানুষের ভিড়। সকলেই একপ্রকার মন্ত্রমুগ্ধ হয়ে ভুবন বাদ্যকরের বাঁধা নতুন গান শুনছেন। তবে গানটি সম্পূর্ণ নতুন নয়—এটি সেই চেনা কাঁচা বাদাম গানেরই একটু ভিন্ন ভার্সন।
কাঁচা বাদাম ভার্সন ২-এর লিরিক্স
ভিডিওতে বীরভূমের এই বাদাম বিক্রেতাকে গাইতে শোনা যায়, “হাতের বালা পায়ের তোলা, থাকে যদি ভাঙা চুরি, যাবো নিয়ে বাদাম আমি তারই বিনিময়ে…”। সকলে এই গান শুনে একটি কথাই বলছেন, এটি হল ‘কাঁচা বাদাম ভার্সন ২’।
উল্লেখ্য, ভাইরাল হওয়ার আগে ভুবনবাবু একটি কুঁড়ে ঘরে থাকতেন। জনপ্রিয়তার পর পাকা বাড়িতে থাকলেও তাঁর জীবন সংগ্রাম এখনও শেষ হয়নি। এক সময়ে তাঁর অভিযোগ ছিল, তিনি নিজের গানের কপিরাইট পর্যন্ত হারিয়েছেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, “আমি বোম্বে গিয়েছিলাম; তারা আমাকে প্রায় ৬০,০০০-৭০,০০০ টাকা দিয়েছিল। পরে, আমি কলকাতার ডিজের কাছে গিয়েছিলাম, যিনি আমাকে ১ লক্ষ টাকা এবং একটি উপহার দিয়েছিলেন। কিন্তু এই গানের আর কপিরাইট আমার কাছে নেই।” সেই সংগ্রাম সত্ত্বেও, ভুবন বাদ্যকরের এই নতুন প্রয়াস প্রমাণ করে, তাঁর সুরের জাদু এখনও অটুট।