‘আমরাই চ্যাম্পিয়ন, ওরা ট্রফি নিয়ে যেতে পারে!’ মহসিন নকভিকে ঘুরিয়ে কটাক্ষ বরুণ চক্রবর্তীর? কী বলল টিম ইন্ডিয়ার স্পিনার?

ভারতীয় দলের রহস্যময় স্পিনার (Mystery Spinner) হিসেবে পরিচিত বরুণ চক্রবর্তী। একসময় সফল চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখতেন। সেখান থেকে ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় আজ তিনি টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সেই বরুণ চক্রবর্তীই এশিয়া কাপ জয়ের পর ফাইনালের দিন কফি কাপের সাথে একটি ছবি পোস্ট করে নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিলেন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলে বড় মন্তব্য করলেন এই তারকা স্পিনার (Varun Chakravarthy On Asia Cup 2025)।

ট্রফি নয়, কফি কাপ নিয়ে কেন ছবি?

সম্প্রতি ইউটিউবে ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’-এ সঞ্চালক গৌরব কপূরের সাথে কথা বলার সময় বরুণ চক্রবর্তীর ভাইরাল হওয়া কফি কাপ পোস্টের প্রসঙ্গটি উঠে আসে। আর তখনই এই রহস্যময় স্পিনার অকপট জবাব দেন।

বরুণ বলেন, “আমি জানতাম আমরা জিতব। আমরা যখন পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি জিতে যাই, তখনই বুঝে গিয়েছিলাম যে, ফাইনালে আমাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান। সেখানেও আমরাই জিতব।”

নিজের সেলিব্রেশনের পরিকল্পনা নিয়ে বরুণ বলেন, “আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে, ঘুমোব এবং তার ঠিক পাশেই থাকবে ট্রফি। সেই মুহূর্তটার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। তবে ম্যাচের পর আমাদের সামনে কিছুই ছিল না। ছিল কেবল একটি কফির কাপ। সেটা নিয়েই ছবি তুলেছি।”

নকভিকে কি ঘুরিয়ে কটাক্ষ?

এখানেই থেমে থাকেননি বরুণ। তাঁর পরের মন্তব্যটি এখন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, “আসলে আমরা জানতাম আমরা প্রত্যেকটা ম্যাচ জিতব। কারণ ভারত বিশ্বের এক নম্বর দল। ওরা আমাদের ট্রফি নিয়ে যেতে পারে, কিন্তু আমরাই চ্যাম্পিয়ন।”

ভারতীয় তারকার এমন বক্তব্যের পর অনেকেই মনে করছেন, তিনি ঘুরিয়ে ফাইনালের পর ভারতে ট্রফি না পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে ACC চেয়ারম্যান (এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান) মহসিন নকভিকে ঠুকলেন।

উল্লেখ্য, গত এশিয়া কাপে অপ্রতিরোধ্য থেকেই খেতাব জিতেছিল ভারত। সেই আসরে ছয়টি ম্যাচে অংশ নিয়ে সাতটি উইকেট তুলে নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। পাকিস্তানের বিরুদ্ধে খেলা শেষ ম্যাচে নিজের কব্জির জোর দেখিয়ে ৪ ওভারে মাত্র ৩০ রান দিয়েই ২টি উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এমন ‘আন-অফিশিয়াল’ সেলিব্রেশন অবশ্যই আলোচনার জন্ম দিয়েছে।