কালীপুজো-দীপাবলিতে ভিড় সামলাতে শিয়ালদা শাখায় ‘বিশেষ ব্যবস্থা’! এবার এই প্ল্যাটফর্মেই ধরতেই হবে ট্রেন, নয়া নিয়ম জারি

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর পর এবার পালা কালীপুজো ও দীপাবলির। এই আসন্ন উৎসবের মরশুমে যাত্রীদের অস্বাভাবিক ভিড় নিয়ন্ত্রণে আবারও অতিরিক্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা শাখা। তবে শুধু বিশেষ ট্রেন নয়, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

শিয়ালদা বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনা জানিয়েছেন, পূর্ব রেলওয়ের শিয়ালদা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ স্টেশন—বিধাননগর রোড ও দমদম জংশনে—যাত্রী ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিধাননগর রোড স্টেশনে প্ল্যাটফর্মে বড়সড় রদবদল:

বিধাননগর স্টেশনে প্রতিদিন গড়ে ১.৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এই বিপুল ভিড় সামাল দিতে এবং প্ল্যাটফর্মের ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে স্টেশনটির ২ নম্বর প্ল্যাটফর্ম চওড়া না হওয়ায় যে সমস্যা হয়, তা কমাতে ভিড়কে সব প্ল্যাটফর্মে সমানভাবে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থা অনুযায়ী:

১ নম্বর প্ল্যাটফর্ম: শুধুমাত্র আপ মেন লাইনের ট্রেনগুলি দাঁড়াবে। অর্থাৎ, শিয়ালদা থেকে যে লোকাল ট্রেনগুলি নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে ও লালগোলার দিকে যাবে, সেগুলি এই প্ল্যাটফর্মে থামবে।

২ নম্বর প্ল্যাটফর্ম: সব এক্সপ্রেস, মেল এবং সাব-আরবান লাইনের ট্রেন এই প্ল্যাটফর্ম ব্যবহার করবে। এর পাশাপাশি বারাসত, বনগাঁ, হাসনাবাদ ও ডানকুনির দিকে যেই আপ লোকালগুলি যাবে, সেগুলিও ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। মাঝেরহাট ও বালিগঞ্জ থেকে আসা মেন লাইনের দিকে যাওয়া ট্রেনগুলিও এখানে থামবে।

‘ভেন্ডার-ফ্রি জোন’: ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের চলাচলের সুবিধা করে দিতে এবার থেকে প্ল্যাটফর্মগুলিতে, বিশেষ করে ২ নম্বর প্ল্যাটফর্মে, আর কোনও ভেন্ডার বসতে পারবেন না। এটিকে ‘ভেন্ডার ফ্রি জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যাত্রী সুবিধা: কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে, তা অনেক আগে থেকেই ‘প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম’-এর মাধ্যমে ঘোষণা করা হবে এবং ডিসপ্লে বোর্ডে দেখিয়ে দেওয়া হবে।

দমদম জংশন স্টেশনেও নতুন ব্যবস্থা:

যাত্রী ভিড় কমাতে দমদম জংশন স্টেশনেও প্ল্যাটফর্ম বিভাজনে বিশেষ নজর দেওয়া হয়েছে:

১ নম্বর প্ল্যাটফর্ম: নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা স্টেশনের দিকে যাওয়া আপ লোকাল ট্রেনগুলি এখানে আসবে।

২ নম্বর প্ল্যাটফর্ম: নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা থেকে যে ডাউন লোকাল ট্রেনগুলি শিয়ালদার দিকে যাবে, সেগুলি এই প্ল্যাটফর্মে আসবে।

৩ নম্বর প্ল্যাটফর্ম: বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনির দিকে যাওয়া আপ লোকালগুলি এবং মাঝেরহাট ও বালিগঞ্জ থেকে মেন লাইনের দিকে যাওয়া ট্রেনগুলি এই প্ল্যাটফর্মে দাঁড়াবে।

৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম: চক্ররেলের ট্রেন এবং কলকাতা টার্মিনালের ট্রেনগুলো এই প্ল্যাটফর্ম ব্যবহার করবে। শিয়ালদা ও মাঝেরহাটের দিকে যাওয়া ডাউন ট্রেনগুলিও এই ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে আসবে।

নতুন কাউন্টার: যাত্রী সুবিধার্থে ২ নম্বর প্রবেশ গেটের কাছে একটি নতুন বুকিং কাউন্টারের নির্মাণ করা হয়েছে।

শিয়ালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, মেন লাইনের এই দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলির মধ্যে বেশ কিছু ব্যবস্থা ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে এবং বাকি ব্যবস্থাপনাগুলি দ্রুত যাত্রীদের জন্য কার্যকরী করা হবে। ভিড় সামাল দিতে অতিরিক্ত রেলকর্মী ও নিরাপত্তা রক্ষীও মোতায়েন করা হবে।