গুজরাট মন্ত্রিসভায় বড় রদবদল! মন্ত্রী হলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা, কিসের ইঙ্গিত?

গুজরাটে বিজেপি সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হলো শুক্রবার। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বাদে পুরো মন্ত্রিসভার পদত্যাগের একদিন পরই আজ নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হলো। এই মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত হলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। সব মিলিয়ে মোট ২৬ জন মন্ত্রীকে নিয়ে নতুন মন্ত্রিসভার ঘোষণা করা হয়েছে।

নতুন মন্ত্রিসভায় রিভাবা জাদেজা ছাড়াও স্বরূপজি ঠাকুর, প্রভেনকুমার মালি, ঋষিকেশ প্যাটেল, দর্শনা ওয়াঘেলা, কুনভারজি বাভালিয়া, অর্জুন মোধওয়াদিয়া, পুরুষোত্তম সোলাঙ্কি, জিতেন্দ্র ওয়াঘানি, প্রফুল পানশেরিয়া, হর্ষ সাংভি এবং কানুভাই দেশাইদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় নির্বাচন এবং বিশেষ করে ২০২৭ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এই মন্ত্রিসভার রদবদলকে বিজেপির ‘কৌশলগত রিসেট’ হিসাবে দেখা হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে নতুন মন্ত্রীদের তালিকা জমা দেন মুখ্যমন্ত্রী প্যাটেল। আজ দুপুরের দিকে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে বিজয় রূপানির স্থলাভিষিক্ত হওয়ার পর ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ভূপেন্দ্র প্যাটেল বিজেপিকে বিপুল জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর থেকে এটিই তাঁর মন্ত্রিসভায় প্রথম বড় রদবদল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।