‘পিল কিনে দেব?’…..! পুরুষদের টয়লেটে টেনে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ যুবকের!

ফের কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটল। এবার স্থান দক্ষিণ বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজ। সেখানে ২১ বছর বয়সি এক সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, সে নিজের সহপাঠিনীকে জোর করে পুরুষদের ওয়াশরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। অভিযুক্ত ছাত্র জীবন গৌড়াকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল গত ১০ অক্টোবর। তবে এই ঘটনার পাঁচ দিন পর নির্যাতিতা ছাত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর ধারা (ধর্ষণের বিরুদ্ধে সাজা)-য় মামলা দায়ের করা হয়েছে।

এফআইআর সূত্রে খবর, ঘটনার দিন দুপুরে লাঞ্চের সময় অভিযুক্ত বারবার ফোন করে নির্যাতিতাকে কিছু জিনিস নেওয়ার নাম করে দেখা করতে ডাকে। এরপর যখন ওই ছাত্রী অভিযুক্তের সঙ্গে দেখা করেন, তখন সে তাঁকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করে। অভিযোগ, ছাত্রীটি সেখান থেকে পালানোর চেষ্টা করলে অভিযুক্ত তাকে জোর করে টেনে সাত তলার পুরুষদের বাথরুমে নিয়ে যায় এবং সেখানে তাঁকে ধর্ষণ করে। এই ঘটনা কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।