‘রাজনীতিতে আসছি না’! মনোজ বাজপেয়ীর ভিডিয়ো ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কী বললেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা?

অভিনেতাদের রাজনীতিতে আসা নতুন ঘটনা নয়। আর এই জল্পনাই তুঙ্গে উঠেছিল বৃহস্পতিবার, যখন বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) প্রচারের একটি ভিডিয়োতে দেখা গেল চারবারের জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা মনোজ বাজপেয়ীকে। তিনি কি তবে এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই কড়া জবাব দিলেন অভিনেতা।

বৃহস্পতিবার থেকে যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, তার তীব্র সমালোচনা করেন মনোজ বাজপেয়ী। তিনি স্পষ্ট জানান, তাঁর অনুমতি বা সম্মতি ছাড়াই, নির্বাচনী সুবিধা ও ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তাঁর ‘ব্যক্তিত্ব-ছবি’ অবৈধভাবে ব্যবহার করা হয়েছে।

আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছেলে তথা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী (সিএম) পদপ্রার্থী তেজস্বী যাদব তাঁর এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে এই বিতর্কিত ভিডিয়োটি শেয়ার করেছিলেন, যার লক্ষ্য ছিল ভোটারদের আরজেডি-র দিকে টানা। বিতর্ক তৈরি হতেই সেই ভিডিয়োটি পরে ডিলিট করে দেওয়া হয়।

অভিনেতা জানান, ভিডিয়োটি আসলে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ‘@PrimeVideoIN’-এর জন্য শুট করা বিজ্ঞাপনের অংশ ছিল। সেই ভিডিয়ো এডিট করে নির্বাচনে প্রচারে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তেজস্বী যাদবের মূল টুইটটি উল্লেখ করে মনোজ বাজপেয়ী একটি দীর্ঘ নোট লেখেন।
নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে অভিনেতা লেখেন: “আমি প্রকাশ্যে স্পষ্টভাবে জানাতে চাই, কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনও যোগ বা আনুগত্য নেই। যে ভিডিয়ো নেটপাড়ায় ছড়ানো হয়েছে, তা ফেক, অর্থাৎ ভুয়া এবং ‘@PrimeVideoIN’-এর জন্য আমার করা একটি বিজ্ঞাপনের অংশ এডিট করা হয়েছে। আমি সকলের কাছে আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি, এই ধরনের বিকৃত কনটেন্ট শেয়ার করা বন্ধ করুন এবং মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকুন।”

উল্লেখ্য, বিহারের ২৪৩টি আসনে দুটি ধাপে নির্বাচন হতে চলেছে— ৬ নভেম্বর ও ১১ নভেম্বর। প্রথম ধাপে ১২১টি এবং দ্বিতীয় ধাপে ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। এই পরিস্থিতিতে মনোজ বাজপেয়ীর মতো অভিনেতার ছবি ব্যবহার করে আরজেডি-র প্রচারের ঘটনাটি নতুন করে বিতর্কের জন্ম দিল।