‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা ‘মহিলা ভাণ্ডার’? ভোটের আগে ৫০০ টাকার গ্যাস, ফ্রি বাস! শুভেন্দুর মেগা প্রতিশ্রুতিতে তুফান

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য একাধিক বড় প্রতিশ্রুতির ঘোষণা করে তৃণমূলের জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পাল্টা দিলেন। তাঁর প্রতিশ্রুতি, সরকার গড়লে মহিলারা প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা, যা বর্তমানে রাজ্যের মহিলাদের দেওয়া অর্থের চেয়ে অনেক বেশি।
শুভেন্দু অধিকারীর অন্যান্য আকর্ষণীয় প্রতিশ্রুতির মধ্যে রয়েছে মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস এবং সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা। এছাড়াও, আয়ুষ্মান ভারত প্রকল্পে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসার সুযোগ দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
ভোটের আগে এই ধরনের ‘খয়রাতি’-র পাল্টা ‘খয়রাতি’-র রাজনীতি নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি বা ভেট দেওয়ার এই রেওয়াজকে কেউ ‘জনমুখী প্রকল্প’ আর কেউ ‘ভোট কেনার কৌশল’ বললেও, এই সংস্কৃতি এখন গোটা দেশেই ছড়িয়ে পড়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার শুধু ভারত নয়, সারা পৃথিবীতে চালু করা হয়েছে এবং তা ‘সারাজীবন চলবে’। এর ঠিক পরেই শুভেন্দু অধিকারীর এই মেগা প্রতিশ্রুতি রাজ্যের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।