১ কোটি টাকা চেয়ে হুমকি ফোন! ক্যাফেতে পরপর গুলি, কেন বার বার গ্যাংস্টারদের নিশানায় কপিল শর্মা?

কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফেতে আবারও গুলি চলল। গত চার মাসে এই নিয়ে তৃতীয়বার তাঁর ক্যাফে হামলার শিকার হলো। এই ঘটনায় গ্যাংস্টার গোল্ডি ঢিঁলো এবং কুলদীপ সিধু সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করেছে। এই দুই ব্যক্তিই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন সশস্ত্র ব্যক্তি কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে অন্তত আধ ডজন গুলি চালাচ্ছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। সোশ্যাল মিডিয়া পোস্টে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা সাধারণ মানুষকে ভয় পাওয়ানোর জন্য ঘটানো হয়েছে, যাতে তারা এই ক্যাফে থেকে দূরে থাকে। এর আগে গত আগস্ট মাসের ৮ তারিখেও কপিল শর্মার ক্যাফেতে হামলা হয়েছিল, যেখানে অন্তত ২৫টি গুলি চালানো হয়েছিল বলে জানা যায়।

একদিকে ক্যাফেতে বারবার গুলি বর্ষণ, অন্যদিকে কপিল শর্মা নিজেই সম্প্রতি এক হুমকির শিকার হয়েছেন। জানা যাচ্ছে, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর লাগাতার হুমকি ফোন আসতে থাকে কপিলের কাছে। গ্যাংস্টার গোল্ডি ব্রাবের নাম করে তাঁর কাছে ১ কোটি টাকা দাবি করা হয়। একাধিক নম্বর থেকে এই ফোনগুলি আসে।

তদন্তে নেমে মুম্বাই পুলিশ কলকাতা থেকে একজনকে গ্রেফতার করেছে, যিনি আগামী ৩০ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন বলে জানা গিয়েছে।

কানাডায় বারবার ক্যাফেতে গুলি এবং ১ কোটি টাকা চেয়ে হুমকি ফোন—সব মিলিয়ে কমেডিয়ান অভিনেতা কপিল শর্মা বর্তমানে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। এই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে সকলের মনেই উদ্বেগ বাড়ছে।