‘মোদী কথা দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হবে’! ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ভারত, কী বলছে বিদেশ মন্ত্রক?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চাঞ্চল্যকর দাবির পরই আন্তর্জাতিক মহলে হইচই পড়ে যায়। ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) নাকি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই এবার এল ভারতের আনুষ্ঠানিক জবাব। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর নয়া দিল্লি সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর এমন কোনো কথাই হয়নি।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রসঙ্গে বিবৃতি দেন। তিনি বলেন, “জ্বালানি ইস্যুতে আমেরিকার মন্তব্য নিয়ে আমরা ইতিমধ্যেই বিবৃতি প্রকাশ করেছি। আমি এইটুকু বলতে পারি যে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনও কথা হয়নি।” এর মাধ্যমে ভারত দৃঢ়ভাবে ট্রাম্পের দাবিকে নাকচ করে দিল।
প্রসঙ্গত, বুধবারই হোয়াইট হাউসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত বন্ধুত্ব এবং ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে কথা বলেন। মোদীকে ‘অসাধারণ মানুষ’ হিসেবে আখ্যা দেন এবং তাঁর দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকার কথাও উল্লেখ করেন। এর পরেই ট্রাম্প দাবি করেন যে প্রধানমন্ত্রী মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। ট্রাম্প আরও বলেন, এই কাজ একদিনে সম্ভব নয়, এটি দীর্ঘ প্রক্রিয়া, তবে এই প্রক্রিয়া শীঘ্রই শেষ হয়ে যাবে।
ট্রাম্পের যুক্তি ছিল, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো আরও সহজ হবে। যুদ্ধ শেষ হয়ে গেলে ভারত আবার রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে।
যদিও ভারতের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ভারত তেল ও গ্যাসের অন্যতম আমদানিকারক। দেশ বরাবরই ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে এবং ভারতের আমদানি নীতি সম্পূর্ণভাবে উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা দ্বারা পরিচালিত। এই জবাবের মাধ্যমে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারতের স্বাধীন অবস্থান স্পষ্ট করা হলো।