মুখ্যমন্ত্রী ছাড়া সকল মন্ত্রীর ইস্তফা, কী হচ্ছে মোদীর রাজ্যে?

গুজরাটের রাজ্য রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটল। বৃহস্পতিবার গুজরাটের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ছাড়া সকল মন্ত্রীই পদত্যাগ করেছেন। সরকারের অভ্যন্তরে কোনো দ্বন্দ্ব নয়, বরং আসন্ন নির্বাচনকে মাথায় রেখে মন্ত্রিসভায় আমূল পরিবর্তন আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্রের খবর, গুজরাট ক্যাবিনেটে বড় ধরনের রদবদল আনার জন্যই মুখ্যমন্ত্রী বাদে মোট ১৬ জন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। জানা যাচ্ছে, এই ১৬ জনের মধ্যে মাত্র ৭ থেকে ১০ জন পুরনো মন্ত্রী নতুন ক্যাবিনেটে স্থান পেতে পারেন। বাকি সব পদেই আনা হবে নতুন মুখ। নিয়ম অনুযায়ী, পুরনো মন্ত্রীদের ইস্তফাপত্র আর রাজ্যপাল আচার্য দেবব্রতের কাছে পাঠানো হবে না।
জানা গিয়েছে, আজ, শুক্রবার সকাল সাড়ে ১১টায় গান্ধীনগরের মহাত্মা মন্দিরে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
প্রাথমিক তথ্য অনুসারে, এবার মন্ত্রিসভার আকারও বাড়তে পারে। আগে ক্যাবিনেটে ১৬ জন মন্ত্রী ছিলেন, এবার তা বাড়িয়ে ২৬ জন মন্ত্রী করা হতে পারে। এই নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি যুব প্রজন্মের নেতাদেরও সুযোগ দেওয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের বাসভবনে বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের বৈঠকে বসার পরই এই মন্ত্রিসভা বদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এবং সুনীল বনসল ব্যক্তিগতভাবে সকল মন্ত্রীর সঙ্গে দেখা করে কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের কথা জানিয়ে তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন।
আসন্ন পৌরসভা নির্বাচন এবং ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই ক্যাবিনেট রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গুজরাটে যেভাবে আম আদমি পার্টির (AAP) ঘাঁটি শক্ত হচ্ছে, তা নিয়ে কিছুটা চিন্তায় বিজেপি নেতৃত্ব। তাই মন্ত্রিসভার মাধ্যমে জাতপাত ও আঞ্চলিক ভারসাম্য ফিরিয়ে এনে জনসমর্থন বাড়ানোর চেষ্টা চলছে।
শোনা যাচ্ছে, ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা, জয়েশ রাদাদিয়া, উদয় কঙ্গদের মতো বিধায়কদের মন্ত্রী পদ দেওয়া হতে পারে। এছাড়াও, কংগ্রেস থেকে বিজেপিতে আসা আল্পেশ ঠাকুরকেও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে বলে জল্পনা রয়েছে।