এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের শক্তিশালী ভূমিকম্প! ৬.১ মাত্রার কম্পনে কেঁপে উঠল ফিলিপিন্স, জারি সতর্কতা

এক সপ্তাহ যেতে না যেতেই ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। গত ১০ অক্টোবর ফিলিপিন্সে ৭.৪ মাত্রার যে ভূমিকম্প হয়েছিল, তার রেশ কাটতে না কাটতেই এবার রিখটার স্কেলে ৬.১ মাত্রার জোরাল কম্পন অনুভূত হলো। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট খবর মেলেনি, তবে পরপর শক্তিশালী কম্পনের জেরে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তথ্য অনুযায়ী, আজ, ১৭ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ৩ মিনিট নাগাদ (ভারতীয় সময় ভোর ৪টে ৩৩ মিনিট) এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

সতর্কতা জারি

ভূমিকম্পের জেরে এখনই সুনামির সতর্কতা জারি না করা হলেও, প্রশাসন উপকূল এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আজ স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জোরাল ভূমিকম্পের পর একাধিক আফটার শক বা মৃদু কম্পন অনুভূত হতে পারে।

উল্লেখ্য, গত সপ্তাহেই ৭.৫ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল ফিলিপিন্সের মিন্দানাও প্রদেশে। সেই ভূমিকম্পে স্কুল-হাসপাতাল থেকে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেবার সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল। বারবার শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় ফিলিপিন্সের বাসিন্দারা তীব্র আতঙ্কে রয়েছেন।