পুজোর পর ফের বৃষ্টিপাত? শনিবার-রবিবার আবহাওয়া কেমন থাকবে? বড় পূর্বাভাস দিল আলিপুর

দীর্ঘ বিরতির পর আবারও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার মোট ৬টি জেলায়।

দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে। শনিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও এই তিনটি জেলায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম, তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও (North Bengal Weather)। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং— এই তিন পাহাড়ি জেলাতেও শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কলকাতার আবহাওয়া আপডেট

শহর কলকাতায় আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে সপ্তাহান্তে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কম থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে এবং আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।