অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে প্রস্তুতি শুরু, নেটে বিরাট-রোহিতের দাপট, গম্ভীরের সঙ্গে দীর্ঘ আলোচনায় রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় শুরুর আগে বুধবার সকালেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল ভারতীয় দল। আর সেখানে পৌঁছানোর পর আজ (বৃহস্পতিবার) থেকেই অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল-সহ দলের তারকারা।
গুরুত্বপূর্ণ আলোচনায় রোহিত-গম্ভীর:
আজকের অপশনাল অনুশীলন হলেও তাতে হাজির ছিলেন দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে রোহিত শর্মার তৎপরতা। অধিনায়কত্ব হারানোর পরও রোহিত শর্মা দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে প্রায় আধ ঘণ্টামতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা বলেন। এই আলোচনা দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে জল্পনা বাড়িয়েছে।
কোমর বেঁধে বিরাট কোহলি:
অধিনায়ক বিরাট কোহলিও নেটে প্রায় ৪০ মিনিট অনুশীলন সারেন। অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধে মিলিয়ে মিশিয়ে ব্যাট করেন তিনি।
ফিটনেসের ঝলক: অনুশীলনের ফাঁকে বিরাট কোহলিকে অর্শদীপ ও হর্ষিত রানার সঙ্গে দৌড় লাগাতে দেখা যায়। আশ্চর্যের বিষয়, বয়সে অনেক ছোট বোলারদের থেকেও কিন্তু কোহলিকে দ্রুত গতিতে ছুটতে দেখা যায়, যা তাঁর ফিটনেসেরই ইঙ্গিত।
কোচিং স্টাফের সঙ্গে আলোচনা: বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গেও আলোচনা করতে দেখা যায় কোহলিকে।
রাহুলের সংক্ষিপ্ত উপস্থিতি:
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলা ভারতীয় দলের তারকাদের মধ্যে কেবল কেএল রাহুলই আজকের নেটসেশনে উপস্থিত ছিলেন। তবে তিনি কয়েকটি থ্রো ডাউন নিলেও, মাত্র পাঁচ মিনিট থ্রো ডাউনের পরেই গম্ভীরের সঙ্গে কথা বলে ফিরে যান। তাঁকে আর ব্যাটিং করতে দেখা যায়নি।
ম্যাচের আগে শুক্র ও শনিবারও ভারতীয় দলের অনুশীলন সারার কথা রয়েছে।