আইসিসির সেরা ক্রিকেটার অভিষেক শর্মা, ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সেরার শিরোপা জিতলেন ভারতীয় তারকা

এশিয়া কাপে ব্যাট হাতে ধারাবাহিক দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁকে আইসিসির বিচারে সেপ্টেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার (ICC Player Of The Month) নির্বাচিত করা হয়েছে।
এশিয়া কাপে অভিষেক শর্মা টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের শিরোপা জিতেছিলেন। ছয়টি ম্যাচে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ ৩১৪ রান করেন। ৪৪.৮৫ গড় এবং ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেন এই তারকা। টুর্নামেন্টে তিনি তিনটি অর্ধশতরানও হাঁকান।
সেরার দৌড়ে যারা ছিলেন:
সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে অভিষেক শর্মার সঙ্গে ছিলেন ভারতের আরেক তারকা স্পিনার কুলদীপ যাদব এবং জিম্বাবোয়ের ক্রিকেটার ব্রায়ান বেনেট। কুলদীপ যেখানে স্পিন ভেল্কিতে নজর কেড়েছিলেন, সেখানে অভিষেক তাঁর আগ্রাসী ব্যাটিং দিয়ে বাজিমাত করলেন।
অভিষেকের উচ্ছ্বাস:
এই পুরস্কার জিতে উচ্ছ্বসিত অভিষেক শর্মা আইসিসিকে বলেন, “আইসিসির এই পুরস্কার জিততে পেরে আমি খুশি। বিশেষ করে কিছু ম্যাচে পারফর্ম করে দলকে জেতাতে পারার পর এই পুরস্কার পাওয়ায় আমি সন্তুষ্ট।”
তিনি আরও বলেন, “আমি এমন এক দলের অংশ যে দল সবথেকে কঠিন পরিস্থিতি থেকেও জয় ছিনিয়ে নিতে পারে এবং এর জন্য আমি গর্বিত।” তিনি দলের সতীর্থ ও কোচেদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, এশিয়া কাপে অনবদ্য পারফর্ম করার সুবাদে অভিষেক শর্মা অতীতে টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে নিজের সমস্ত রেকর্ড ভেঙে সর্বাধিক রেটিং পয়েন্ট অর্জনকারী ব্যাটার হিসেবেও উঠে এসেছেন।