সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু, নবদ্বীপে চন্দ্রবোড়ার ছোবলে প্রাণ গেল ইউটিউবার দ্বীপ বালার

সাপ উদ্ধার করতে গিয়ে এবার সাপের কামড়েই মর্মান্তিক মৃত্যু হল উদ্ধারকারীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত প্রতাপনগর এলাকায়। নিহত যুবকের নাম দ্বীপ বালা (৩৪)।

দ্বীপ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ছিলেন। তিনি গৃহস্থের বাড়ি বা জঙ্গল থেকে বিষধর সাপ উদ্ধার করে সেটিকে পরিবেশে ছেড়ে দেওয়া বা বন দফতরের হাতে তুলে দেওয়ার ভিডিও নিয়মিত পোস্ট করতেন।

যা ঘটেছিল শেষ মুহূর্তে:

প্রতিবারের মতোই এদিন দ্বীপ প্রতাপনগর এলাকায় একটি বিষধর চন্দ্রবোড়া সাপের দেখা পাওয়ার খবর পেয়ে সেটিকে উদ্ধার করতে যান। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দ্বীপ জঙ্গল থেকে সাপটির লেজ ধরে টেনে আনছেন। এরপর একটি লাঠির সাহায্যে মাথা চেপে ধরে অতি সন্তর্পণে সাপটির মাথা ধরে প্লাস্টিকের একটি জারের মধ্যে ঢোকানোর চেষ্টা করছিলেন।

ভিডিওতে দেখা যায়, জারের ঢাকনা আটকাতে গিয়েই কয়েক মিলি সেকেন্ডের অসাবধানতায় বিষধর চন্দ্রবোড়া সাপটি তাঁর হাতে ছোবল মেরে দেয়।

চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যু:

ছোবল খাওয়ার পরপরই সাপটিকে ছেড়ে দিয়ে দ্বীপকে দ্রুত স্থানীয় প্রতাপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি কলকাতার নীলরতন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

যুবকের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিশেষজ্ঞের সতর্কবার্তা:

স্থানীয় সর্প বিশেষজ্ঞ রাজীব কংসবনিক এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও দেখে প্রশিক্ষণ ছাড়াই বিষধর সাপ ধরতে যান। সাপ উদ্ধার করার জন্য অভিজ্ঞ প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া এবং উপযুক্ত সামগ্রী নিয়ে যাওয়া উচিত।”

তিনি আরও জানান, ভিডিওতে দেখা গেছে, দ্বীপ বালা কোনও উপযুক্ত সামগ্রী না নিয়েই খালি হাতে সাপটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন এবং এই সামান্য অসাবধানতার ফলেই এত বড় একটি অঘটন ঘটে গেল।