‘এক জনেরও নাম বাদ গেলে, BJP নেতাদের আটকে রাখব’, সুকান্তকে পাল্টা হুমকি পার্থ ভৌমিকের

নির্বাচনী তালিকা সংশোধনের (SIR) আবহে রাজ্য রাজনীতিতে শাসক ও বিরোধীর সংঘাত চরমে পৌঁছেছে। সম্প্রতি বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশে পাঠানোর বার্তা দেওয়া এবং ‘গুলি চালানো’র মতো বিতর্কিত মন্তব্য করেন। এবার তাঁকে সরাসরি পাল্টা হুমকি দিলেন বারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা পার্থ ভৌমিক।
সুকান্ত মজুমদারের ‘গুলি চালানো’ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন, “কত গুলি আছে, বাংলার মানুষ দেখে নেবে। আর ও যেন পালাবার পথটা খুঁজে রাখে।”
একই সঙ্গে, নির্বাচনী তালিকা প্রসঙ্গে পার্থ ভৌমিক হুঁশিয়ারি দেন, “যদি বৈধ ভোটারের নাম কাঁটা যায়, তা হলে সুকান্ত মজুমদার পর্যন্ত বাড়ির থেকে বেরতে পারবে না।” তিনি আরও বলেন, “বৈধ ভোটারদের নাম বাদ গেলে পাড়ার বিজেপি নেতাদের ধরে আমরা আটকে রাখব। দেখি কী হয়।” তিনি দলের কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান, যাতে বাইরে থেকে অবৈধভাবে কোনো নাম ঢুকতে না পারে এবং কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়।
SIR ইস্যুতেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তকে আক্রমণ করে পার্থ ভৌমিক বলেন, “মা দুর্গা যেমন অসুরকে বধ করেছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গা হয়ে ১২ কোটি মানুষের অভিভাবক বিজেপি নামক অসুরকে বধ করবে।”
প্রসঙ্গত, বুধবার খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল বের করে রাজ্য বিজেপি। সেই মিছিল থেকেই সুকান্ত মজুমদার সংখ্যালঘুদের বার্তা দিয়ে বলেছিলেন, “তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে। যেমন মুর্শিদাবাদের সময় নেমেছিল। যদি দোকানঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোনো নেতার ছেলের জীবন যাবে না। কেন্দ্রীয় বাহিনী নামলে গুলি চলবে। আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে।” সুকান্তর এই মন্তব্যের পরই রাত পোহাতে না পোহাতেই পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের এই সাংসদ।