‘সাইয়ারা’র রোম্যান্টিক হিরো এবার রাফ অ্যান্ড টাফ! যশ রাজ ফিল্মসের ছবিতে আহান পাণ্ডের অ্যাকশন লুক ফাঁস

ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা প্রেমের গল্প ‘সাইয়ারা’ উপহার দেওয়ার পর, এবার নিজের পরবর্তী ছবির লুক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন উদীয়মান তারকা আহান পাণ্ডে। নতুন ছবিতে তাঁকে দেখা যাবে এক ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে, যা ‘সাইয়ারা’-র মায়াবী প্রেমিকের সম্পূর্ণ বিপরীত। আহানের এই গম্ভীর লুক দর্শকের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।

আহান পাণ্ডের এই নতুন অ্যাকশন-রোম্যান্স ছবিটি পরিচালনা করছেন ব্লকবাস্টার পরিচালক আলি আব্বাস জাফর, যিনি মূলত সলমন খানের সঙ্গে কাজ করে একের পর এক হিট ছবি দিয়েছেন। আর প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস, যার প্রধান আদিত্য চোপড়া। এই ছবির হাত ধরে পরিচালক আলি নিজের ঘর অর্থাৎ যশ রাজ ফিল্মসে ফিরছেন। আহানকে আলির পরিচালনায় দেখা গেলে, সেই ছবি বক্স অফিসে বড় হিট হতে পারে বলে আশা করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

‘সাইয়ারা’ ছবির মাধ্যমে প্রযোজনা সংস্থা এবং পরিচালক মোহিত সুরি বলিউডে একজন জেন-জেড সুপারস্টারকে এনেছিলেন, যিনি থিয়েটারে রোম্যান্সের জাদু ফিরিয়ে এনেছিলেন। আহানের পরবর্তী এই ছবিতে ভরপুর রোম্যান্সের সঙ্গেই থাকবে জমজমাট অ্যাকশন।

কবে শুরু হচ্ছে শুটিং?

ছবিটির নাম এখনও ঠিক হয়নি, তবে এর শুটিং শুরু হবে ২০২৬ সালের শুরুতে। এই ছবির মাধ্যমে আদিত্য চোপড়া ও আলি আব্বাস জাফর পঞ্চম বারের জন্য একসঙ্গে কাজ করবেন। এর আগে তাঁরা ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘গুন্ডে’, ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো সফল ছবি উপহার দিয়েছেন।

নায়িকা কে? কৌতূহলী অনুরাগীরা

নতুন ছবির জন্য আহানের লুক সামনে আসার পর থেকেই দর্শকের মনে প্রশ্ন, এই ছবিতে তাঁর নায়িকা কে হবেন? আহানের প্রথম ছবিতে নায়িকা অনীত পাড্ডার সঙ্গে তাঁর রসায়ন ছিল চোখে পড়ার মতো। তাই অনুরাগীরা জানতে চাইছেন, ছবিতে অনীত থাকবেন কিনা। পাশাপাশি, ছবিটি কবে মুক্তি পাবে, সেই কৌতূহলও প্রকাশ করেছেন অনেকে।