১০-২০ বছর শিক্ষকতা করলেও দিতে হবে টেট! সুপ্রিম কোর্টের নির্দেশে নড়েচড়ে বসল রাজ্য—রিভিউ পিটিশনে যাচ্ছে নবান্ন

দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকদের জন্যও টেট (TET) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক—সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনে যাওয়ার প্রস্তাবে সায় দিয়েছে নবান্ন। স্কুল শিক্ষা দফতরের পাঠানো প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন মিলেছে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের জেরে রাজ্যে কর্মরত প্রায় এক লক্ষ শিক্ষক-শিক্ষিকার জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হয়ে গেল। এর ফলে দীর্ঘ ১৫ বছর বা ২০ বছর ধরে শিক্ষকতা করা শিক্ষক-শিক্ষিকাদেরও এই পরীক্ষায় বসতে হবে।

বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, এত সংখ্যক শিক্ষক-শিক্ষিকার পরীক্ষার প্রস্তুতি ও অংশগ্রহণের কারণে রাজ্যের প্রাথমিক স্তরের পঠন-পাঠনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এই আশঙ্কার জেরেই রাজ্য সরকার তড়িঘড়ি রিভিউ পিটিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর স্কুল শিক্ষা দফতর এবার আইনজীবীদের মতামত নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এর মাধ্যমে রাজ্য চাইছে কর্মরত শিক্ষকদের জন্য আদালতের এই বাধ্যতামূলক নির্দেশটি পুনর্বিবেচনা করা হোক। যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা টেট ছাড়া চাকরি করছেন, তাঁদের ভবিষ্যত এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।