“উৎসবের আনন্দ নষ্ট করলে জেল!” দাঙ্গাবাজদের কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার এক গ্যাস সিলিন্ডার ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে কঠোর বার্তা দিলেন আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের। উৎসবের মরসুম শুরুর ঠিক আগেই তাঁর এই হুঙ্কারে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, “যদি কেউ উৎসবের আনন্দ নষ্ট করার চেষ্টা করে, তাহলে জেলের ঘর তাদের জন্য অপেক্ষা করছে। তারা যেই হোক না কেন, শীঘ্রই তাদের কারাগারে পাঠানো হবে।” তাঁর এই মন্তব্যে কড়া প্রশাসনিক পদক্ষেপের ইঙ্গিত স্পষ্ট।
যোগী আদিত্যনাথ বলেন, তাঁর সরকার দাঙ্গাবাজদের কাছে কখনও মাথা নত করবে না। তিনি দাবি করেন, গত আট বছরে উত্তরপ্রদেশে সব সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করা হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
তিনি রাজ্যের সমস্ত নাগরিকের প্রতি আহ্বান জানান, উৎসব ও উদযাপন যেন সম্প্রীতি এবং শান্তির পরিবেশে অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর এই বার্তা মূলত আসন্ন উৎসবগুলির আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।