দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার পর ফের ধর্ষণের চেষ্টা! এবার টার্গেট ১২ বছরের নাবালিকা, গ্রেফতার হোটেল কর্মকর্তা!

দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনা নিয়ে যখন রাজ্য-রাজনীতিতে তোলপাড় চলছে, ঠিক সেই রেশ না কাটতেই ক্যাম্পাসের কয়েক কিলোমিটারের মধ্যেই ফের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বছর ছাপ্পান্নর এক হোটেল কর্মকর্তাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তাকে পকসো (POCSO) আইনে পেশ করা হয়।

ঘটনাটি ঘটে দুর্গাপুর স্টিল টাউনশিপ এলাকায়। সোমবার রাত ৮টা নাগাদ অভিযুক্ত নিমাই গড়াই এলাকার এক বছর বারোর নাবালিকাকে লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। অভিযোগ, সেখানেই ওই নাবালিকাকে নগ্ন করে ধর্ষণ করার চেষ্টা করেন তিনি। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ঘিরে গোটা রাজ্যে প্রতিবাদ আর নিন্দার ঝড় বইছে। স্থানটি আগের ঘটনার এক কিলোমিটারের মধ্যেই হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত নিমাই গড়াই একজন হোটেলের কর্মকর্তা। নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে তিনি যখন ধর্ষণের চেষ্টা চালাচ্ছিলেন, তখনই বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এলাকাবাসী সঙ্গে সঙ্গেই অভিযুক্তের বাড়িটি ঘেরাও করে। এরপর অভিযুক্ত দরজা খুলতে বাধ্য হলে নাবালিকাকে উদ্ধার করা হয়। নাবালিকার মা ও বাবা দ্রুত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসিপি সুবীর রায় জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই অভিযুক্ত নিমাই গড়াইকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পকসো আইনে পেশ করা হলে আদালত তার জামিন বাতিল করে দেয় এবং তিন দিনের জন্য জেল হেপাজতে পাঠায়। আগামী ১৬ অক্টোবর তাকে ফের আদালতে পেশ করা হবে।

এ বিষয়ে তৃণমূলের জেলা সাংগঠনিক ১ নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ জানিয়েছেন, ধর্ষণের চেষ্টার খবর পাওয়া মাত্রই নাবালিকার পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। দলের তরফ থেকে নির্যাতিতা পরিবারকে সব রকমভাবে সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়েছে। দুর্গাপুরের মতো শিক্ষা ও শিল্পাঞ্চলে নারী সুরক্ষার বারবার এমন ঘটনা ঘটায় জনমানসে চরম ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।