হাড় কাঁপানো ঠান্ডা, না ঘূর্ণিঝড়? লা নিনার প্রভাবে জাঁকিয়ে শীতের আগেই ফের নিম্নচাপের বড় আশঙ্কা!

অক্টোবর মাসেই যেন চলে এল অকাল শীত! এই সময়ে এমন শীতল আবহাওয়া গত কয়েক বছরে কেউ অনুভব করেছেন বলে মনে করতে পারছেন না। আলিপুর আবহাওয়া দফতর (Weather Forecast) পূর্বাভাস জারি করে জানিয়েছে, আগামী দিনগুলিতে দিন ও রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা কমবে। চলতি বছর ‘লা নিনা’-র প্রভাবে অতিরিক্ত ঠান্ডা পড়বে বলে পূর্বাভাস আগেই জানিয়েছিল আইএমডি (IMD), যার প্রাথমিক আভাস এখন থেকেই মিলতে শুরু করেছে। তবে এই স্বস্তির আবহাওয়ার মধ্যেই দেখা দিয়েছে এক নতুন ‘অশনি সংকেত’। আর সেই সংকেতটি হলো বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা!
ফের নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, চমকে দিল আন্তর্জাতিক সংস্থা
দেশের অধিকাংশ জায়গা থেকে শীত বিদায় নেওয়ায় বর্তমানে শীতল আবহাওয়া বিরাজ করছে। তবে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এই স্বস্তিদায়ক পরিস্থিতি হয়তো বেশিদিন স্থায়ী হবে না। কারণ, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি দেখতে পাচ্ছেন আবহাওয়াবিদরা। ইউরোপীয় ইউনিয়নের মান্যতা প্রাপ্ত আবহাওয়া গবেষণা সংস্থা WEATHER FORCASTING SYSTEM (WFS) এই বিষয়ে এক চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ করেছে।
WFS অক্টোবর মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। যদিও ভারতের মৌসম ভবন (IMD) এখনও পর্যন্ত এনিয়ে কোনো আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি। WFS জানাচ্ছে:
২৫ অক্টোবর: ভারতীয় সময় রাত ৩টে নাগাদ দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে।
২৭ অথবা ২৮ অক্টোবর: এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
২৫ ও ২৬ অক্টোবর: নিম্নচাপটি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বাঁ দিকে রেখে জলীয় বাষ্প বা শক্তি সঞ্চয় করতে করতে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোবে।
২৭ অক্টোবর: এটি তামিলনাড়ু উপকূলের খুব কাছাকাছি এসে পৌঁছবে।
এরপর এই ঘূর্ণিঝড়টির দুটি সম্ভাব্য গতিপথের কথা বলা হয়েছে— প্রথমত, পুদুচেরী উপকূল হয়ে আরব সাগরের দিকে যাওয়া; এবং দ্বিতীয়ত, বঙ্গোপসাগর বরাবর এগিয়ে ওড়িশা-অন্ধ্র উপকূলের গোপালপুরের দিকে অগ্রসর হওয়া।
কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে?
অকাল শীতের এই আবহে এখন সবার একটাই প্রশ্ন: কবে বাংলা সহ দেশে জাঁকিয়ে শীত পড়বে? এই প্রসঙ্গে একজন আইএমডি কর্মকর্তা জানিয়েছেন, “আগামী দিনগুলিতে লা নিনা পরিস্থিতি তৈরি হতে পারে, যা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি করবে। লা নিনা সাধারণত দেশে ঠান্ডা শীতের সঙ্গে সম্পর্কিত।” তিনি আরও জানান, তাদের মডেলগুলি এই বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে লা নিনা তৈরির ভালো সম্ভাবনা দেখাচ্ছে।
তবে মৌসম ভবনের লং টার্ম আউটলুক জানাচ্ছে, অক্টোবরের শেষ এবং নভেম্বরের প্রায় পুরোটাই একাধিক নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা পশ্চিমী ঝঞ্ঝার বাধা থাকবে। ফলে, জাঁকিয়ে শীত ডিসেম্বরের ৪ বা ৫ তারিখের আগে পড়ার কোনো পূর্বানুমান নেই।