স্ত্রী বাপের বাড়ি ফেরায় গভীর রাতে হামলা! কুলতলিতে শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে খুনের চেষ্টা জামাইয়ের, তারপর যা ঘটল…

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর-শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শ্বশুর-শাশুড়িকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যাচ্ছে, কুলতলির শ্যামনগর এলাকা নিবাসী জগদীশ দাসের মেয়ে সুস্মিতা দাসের সঙ্গে মাস সাতেক আগে কুলতলিরই দেউলবাড়ি এলাকার কালিদাস নস্করের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে প্রতিনিয়ত অশান্তি হওয়ার কারণে সুস্মিতা স্বামীর বাড়ি ছেড়ে বাপেরবাড়িতে থাকতে শুরু করেন।

গতকাল রাতে হঠাৎ করেই সুস্মিতার শ্বশুরবাড়িতে হাজির হন কালিদাস। সুস্মিতার চিৎকারে তাঁর বাবা-মা ছুটে এলে তাঁদের উপর চড়াও হয় সে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর-শাশুড়িকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ওই ব্যক্তি।

সুস্মিতার মা-বাবার আর্তনাদ শুনে প্রতিবেশীরা তড়িঘড়ি বেরিয়ে এসে কালিদাসকে হাতেনাতে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে এসে কালিদাস নস্করকে আটক করে। সেই সঙ্গেই সুস্মিতার মা-বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কুলতলি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।