ছাগল নিয়ে ভয়াবহ কাণ্ড! প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়েই মর্মান্তিক পরিণতি, শীতলকুচিতে তুলকালাম

খাবারের সন্ধানে গবাদি পশুর এক জমি থেকে অন্য জমিতে বিচরণের ঘটনা প্রায়ই দেখা যায়। অনেক সময় এর জেরে প্রতিবেশীদের মধ্যে সাময়িক অশান্তিও হয়। তবে কোচবিহারের শীতলকুচিতে সম্প্রতি যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল, তা বিশ্বাস করা কঠিন। পরের জমিতে ছাগল চরাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে শুরু হওয়া ঝামেলা এমন পর্যায়ে পৌঁছল যে প্রাণ গেল এক মহিলার। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার কোচবিহারের শীতলকুচি পঞ্চারহাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। গবাদি পশু জমিতে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারধরের ঘটনায় মৃত ওই মহিলার নাম নিরণ বর্মন।
মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের বাড়ির ছাগল প্রতিবেশীর জমিতে ঢুকে পড়ায় প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপর বচসা চরম আকার ধারণ করলে ওই প্রতিবেশী নিরণ বর্মনের মাথায় ভারী কিছু দিয়ে সজোরে আঘাত করেন। এর ফলে নিরণ বর্মন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সামান্য একটি ছাগলকে কেন্দ্র করে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।