‘মনুষ্যসৃষ্ট’ এই দুর্যোগ! উত্তরবঙ্গের বন্যায় ত্রাণ তহবিলে ১ লাখ টাকা অনুদান অভিষেকের, কেন এই মন্তব্য?

উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যা এবং ভূমিধসকে ‘ম্যান মেড’ (মনুষ্যসৃষ্ট) বলে চিহ্নিত করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তিনি এই বিপর্যয়কে প্রকৃতির রোষ নয়, বরং মানুষের ভুলকেই দায়ী করলেন।
এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা আর্থিক সাহায্য দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে এই কথা জানিয়ে তিনি রাজ্যের ‘দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ’ (WBSMDA)-এর পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছেও উদারভাবে অনুদান দেওয়ার আবেদন করেছেন।
তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক উল্লেখ করেছেন, “অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসের ফলে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির কিছু অংশ ধ্বংস হয়ে গিয়েছে। যার ফলে জনজীবন প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়েছে এবং জীবন, জীবিকা ও সম্পত্তির প্রচণ্ড ক্ষতি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, রাজ্য সরকার সকলের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডব্লিউবিএসএমডিএ) তহবিলে অনুদান দেওয়ার জন্য আবেদন জানিয়েছে…”
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখা এবং প্রশাসনিক বৈঠক করেছেন। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দিয়েছে রাজ্য সরকার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের একাধিক এলাকা বিপর্যস্ত হওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে এই মোকাবিলায় বিপর্যয় ত্রাণ তহবিল খোলা হয়েছে। সেই তহবিলেই এবার অর্থ সাহায্য করলেন অভিষেক।
সাধারণ মানুষের কাছে তাঁর আকুল আবেদন, “এই কঠিন সময়ে, সহৃদয়তার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আমি সকলকে এগিয়ে আসার এবং এই মনুষ্যসৃষ্ট বিপর্যয়ে যাঁরা এত কিছু হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য উদার ভাবে অবদান রাখতে আবেদন জানাচ্ছি।”
কীভাবে রাজ্য সরকারের এই বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের ত্রাণ তহবিলে অর্থসাহায্য করা যাবে, সেই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও তিনি এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীর সুবিধার জন্য প্রকাশ করেছেন।