ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দিয়ে ক্লিন সুইপ! দ্বিতীয় টেস্ট জিতে গোটা সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India Vs West Indies) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ফলো-অন খাওয়ার পর জন ক্যাম্পবেল ও শাই হোপের দুরন্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছিল ক্যারিবিয়ান দল। কিন্তু শেষ রক্ষা হলো না। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২১ রানের সহজ লক্ষ্য পূরণ করে দ্বিতীয় টেস্টও জিতে নিলো শুভমন গিলের ভারত (Team India), যার ফলে গোটা সিরিজই চলে গেল টিম ইন্ডিয়ার পকেটে।
প্রথম টেস্টে ১৪০ রান এবং ১ ইনিংসে বড় জয় পাওয়ার পর দ্বিতীয় টেস্টেও নিজেদের দাপট বজায় রাখল ভারতীয় দল। দিল্লি টেস্টে ভারতীয় দলের পাহাড় প্রমাণ রানের সামনে ২৪৮ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে অবশ্য তারা ঘুরে দাঁড়িয়ে ৩৯০ রান তুলে ভারতকে ১২১ রানের টার্গেট দেয়।
রাহুল-সুদর্শনের অনবদ্য ব্যাটিং:
প্রতিপক্ষের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের শুরুটা খুব একটা আহামরি না হলেও, ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় ভারত। এদিন কে এল রাহুল এবং সাই সুদর্শনের অনবদ্য ইনিংস ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছে।
অধিনায়ক কে এল রাহুল ১০৮ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে, সাই সুদর্শন আউট হলেও দলের জয় নিশ্চিত করার পথে মূল্যবান ৩৯ রান করে যান। এই দুই ব্যাটারের সুবাদেই বহু প্রত্যাশিত টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে গুঁটিয়ে দিয়ে সিরিজ জিতল ভারত।
বোলারদের কামাল:
তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টেস্ট জয়ের আগে আসল কাজটা করেছিল ভারতীয় বোলিং বিভাগ। দিল্লি টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজ যখন জ্বলে উঠেছিল, তখন ভারতীয় বোলাররা আগুন নিভিয়ে কামাল দেখান। মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব যথাক্রমে দুটি এবং তিনটি করে উইকেট পান। এছাড়া রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের হাত থেকেও আসে একটি করে উইকেট। বলাই বাহুল্য, বোলারদের দাপটেই ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে আটকে দেওয়া সম্ভব হয়েছিল এবং রাহুলদের দল কম লক্ষ্য তাড়া করে সিরিজ জিততে পারল।