‘শরীর পরিশ্রান্ত, তবুও কাজ থামাইনি!’ ৬৫৫ কোটি টাকার সাফল্যের মাঝে ‘কান্তারা’ ক্লাইম্যাক্সের রহস্য ফাঁস করলেন ঋষভ

২০২২ সালে মুক্তি পাওয়া ‘কান্তারা’ (Kantara) প্রথম পর্ব বক্স অফিসে নীরবে ঝড় তুলেছিল। সেই অভাবনীয় সাফল্যের পর ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা: আ লেজেন্ড – চ্যাপ্টার ওয়ান’ (Kantara: A Legend – Chapter One) নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ঋষভ শেঠির এই ছবিটিও মুক্তির পর থেকে একনাগাড়ে প্রশংসা কুড়িয়ে চলেছে, বিশেষত এর ক্লাইম্যাক্স দৃশ্যটি মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। আর সেই চূড়ান্ত দৃশ্য ফুটিয়ে তুলতে কতটা পরিশ্রম করেছেন অভিনেতা, সম্প্রতি নিজেই ফাঁস করলেন ঋষভ।

অভিনেতা-পরিচালক ঋষভ শেঠি সম্প্রতি সমাজ মাধ্যমে কিছু ‘বিহাইন্ড দ্য সিনস’ ছবি শেয়ার করেছেন, যেখানে কন্নড় অভিনেতার দাঁতে দাঁত চিপে শুটিংয়ের গল্প ফুটে উঠেছে। ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের সময় তাঁর শরীর ছিল তীব্র ক্লান্ত এবং পা ফুলে গিয়েছিল। তবুও তিনি কাজ থামাননি।

শেয়ার করা ছবিগুলিতে একদিকে ঋষভের চোখে দেখা যাচ্ছে তীব্র ক্লান্তি, অন্যদিকে ছিল দৃঢ় মনোবল। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ঋষভ লিখেছেন, “ক্লাইম্যাক্স অংশটি শুট করার সময় আমার পা ফুলে গিয়েছিল, সারা শরীর ছিল পরিশ্রান্ত। তবুও কাজ থামাইনি, কারণ এই দৃশ্যটাই ছিল পুরো সিনেমার প্রাণ।”

তিনি আরও যোগ করেন, “সেই সময় শরীরের প্রতিটি অংশে ব্যথা ছিল। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ও দর্শকদের ভালবাসাই আমাকে শক্তি দিয়েছিল। আজ যখন দেখি মানুষ সেই দৃশ্য দেখে অভিভূত, তখন মনে হয় সব কষ্ট সার্থক।”

এই ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটাগরিকরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ঋষভকে। এক ভক্ত মন্তব্য করেছেন, “আমি ছবিটা দু’বার দেখেছি। আপনার পরিশ্রম ও নিবেদনই ছবিটিকে অনন্য করেছে।”

দক্ষিণ ভারতের লোকগাথা ও দেবভক্তির মিশেলে গড়া এই কাহিনিতে গভীর আবেগের সঙ্গে ঋষভ নিজের সংস্কৃতি ও শিকড়কে ফুটিয়ে তুলেছেন। ‘কান্তারা’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি দেশ জুড়ে প্রায় ৪০৭ কোটি টাকা আয় করেছিল, আর তারই প্রিক্যুয়েল ‘কান্তারা: আ লেজেন্ড – চ্যাপ্টার ওয়ান’ চলতি বছরের ২ অক্টোবর মুক্তির কয়েক দিনের মধ্যেই বক্স অফিসে ৬৫৫ কোটি টাকার আয় ছাড়িয়েছে। পরিচালক থেকে অভিনেতা—দুই ভূমিকাতেই ঋষভের নিষ্ঠা ও শারীরিক পরিশ্রম সকলের মন ছুঁয়ে গিয়েছে।