হাইওয়েতে নোংরা শৌচাগার? ছবি তুলে অভিযোগ জানালেই FASTag-এ মিলবে ১০০০ টাকা! NHAI-এর অভিনব উদ্যোগ

দেশের জাতীয় মহাসড়কগুলিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি উন্নত করার জন্য এক দারুণ উদ্যোগ নিয়েছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI)। হাইওয়ের যাত্রীরা যদি কোনো অপরিষ্কার বা ব্যবহারের অযোগ্য শৌচাগার দেখেন, তবে অভিযোগ জানালেই FASTag অ্যাকাউন্টে সরাসরি ₹১,০০০ টাকা পুরস্কার পেতে পারেন!

সাধারণের সুবিধার্থে তৈরি করা শৌচাগারগুলি নিজেরাই অপরিষ্কার করে তোলেন ব্যবহারকারীরা। এই প্রবণতা কমাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যাত্রীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করতে এই বিশেষ অভিযান শুরু করেছে NHAI। এই পুরস্কার প্রকল্পটি ভারতের সমস্ত জাতীয় মহাসড়কজুড়ে ৩১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে।

কীভাবে অভিযোগ জানাবেন এবং ₹১০০০ দাবি করবেন?

হাইওয়ে ব্যবহারকারীরা একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে নোংরা শৌচাগারের অভিযোগ জানাতে এবং পুরস্কার দাবি করতে পারেন:

১. ‘রাজমার্গযাত্রা’ অ্যাপের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করতে হবে।
২. NHAI-এর আওতাধীন টোল প্লাজার শৌচাগারটির স্পষ্ট, জিও-ট্যাগযুক্ত এবং টাইম-স্ট্যাম্পযুক্ত ছবি তুলে পাঠাতে হবে।
৩. ব্যবহারকারীর নাম, অবস্থান এবং যানবাহনের নিবন্ধন নম্বর (VRN)-সহ সমস্ত বিশদ বিবরণ জমা দিতে হবে।

পুরস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম:

পুরস্কারের স্বচ্ছতা নিশ্চিত করতে NHAI কিছু নির্দিষ্ট নিয়ম জারি করেছে:

এই স্কিমটি শুধুমাত্র NHAI দ্বারা নির্মিত, পরিচালিত বা রক্ষণাবেক্ষণ করা শৌচাগারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

জ্বালানি স্টেশন, ধাবা বা অন্যান্য পাবলিক সুবিধার শৌচাগারগুলিকে এই পুরস্কার-লড়াই থেকে বাদ দেওয়া হয়েছে।

পুরো স্কিমের সময়কালে প্রতিটি VRN (যানবাহন নিবন্ধন নম্বর) শুধুমাত্র একটি পুরস্কারের জন্য যোগ্য হবে।

একটি শৌচাগারের জন্য দিনে কেবল একজনই পুরস্কার জিততে পারবেন।

যদি একই দিনে একাধিক ব্যবহারকারী একই শৌচাগার সম্পর্কে রিপোর্ট করেন, তাহলে প্রথম বৈধ ছবিটিই বিবেচিত হবে।

জমা দেওয়া ছবিগুলি অবশ্যই আসল হতে হবে।

যাচাই করবে AI ও ম্যানুয়াল স্ক্রিনিং:

জমা দেওয়া অভিযোগগুলি প্রথমে AI-এর সহায়তায় যাচাইকরণের মধ্য দিয়ে যাবে। এরপর প্রয়োজনে ম্যানুয়াল ভ্যালিডেশন করা হবে। এই দ্বৈত-স্তর স্ক্রিনিং নিশ্চিত করবে যে, অভিযানের নিয়ম মেনে কেবল সঠিক অভিযোগকারীদের হাতেই পুরস্কার তুলে দেওয়া হবে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন ব্যবহারকারীরা পরিষ্কার সুবিধা পেতে সক্রিয় হবেন, তেমনি NHAI দ্রুত অপ্রতুল রক্ষণাবেক্ষণ করা শৌচাগারগুলিকে চিহ্নিত করে স্বাস্থ্যবিধি মান উন্নত করতে পারবে।