‘ভুটানের জলে এত বড় ক্ষতি, ক্ষতিপূরণ দিতে হবে!’ উত্তরবঙ্গের বিপর্যয়ের পর রিভার কমিশন নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

উত্তরবঙ্গের সাম্প্রতিক ভয়াবহ বিপর্যয়ের পর ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন না করার জন্য কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, ভুটানের জলে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ কেন্দ্রকেই দিতে হবে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের উদাসীনতাতেই উত্তরবঙ্গে ক্ষয়ক্ষতি এতটা বেড়েছে, যা ঠেকানো যেত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকদিন ধরে রিভার কমিশনের দাবি জানিয়ে আসছি। কেন্দ্র গুরুত্ব দেয়নি।” তিনি আরও জানান, “১৬ অক্টোবর নয়াদিল্লিতে বৈঠক আছে। আমি আমাদের প্রতিনিধি পাঠাব।” এই বৈঠকে আবারও ইন্দো-ভুটান রিভার কমিশনের দাবি তোলা হবে বলে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। বর্তমান পরিস্থিতিতে এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বলে মনে করছে রাজ্য সরকার।

রিভার কমিশন তৈরি না হওয়ায় কেন্দ্রকে দুষে সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “গত ১১ অগাস্ট আমি রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে জলশক্তি মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলাম যে ইন্দো-ভুটান রিভার কমিশন নিয়ে কী ভাবনা রয়েছে? তাতে মন্ত্রী সিআর পাটিল লিখিতভাবে জানিয়েছেন যে এনিয়ে কোনও ভাবনা নেই।”

তিনি প্রশ্ন তোলেন, “ভুটান ও বাংলার নদীগুলি যেমন রায়ডাক, সংকোশের জলে প্লাবিত হয়ে উঠেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। ভুটান, সিকিমের বৃষ্টিতে বাংলার মানুষ ডুবছে। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ইন্দো-ভুটান রিভার কমিশন বাস্তবায়িত করা জরুরি। তাহলে নদীর জল নিয়ন্ত্রণ করা যেত।”

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও প্রশ্ন তোলেন, “ইন্দো-বাংলাদেশ রিভার কমিশন থাকলে ইন্দো-ভুটান রিভার কমিশন কেন থাকবে না? এটা তো প্রয়োজনীয়।” রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও কেন্দ্রের এই উদাসীনতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শাসক দল। আপাতত ১৬ অক্টোবরের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে রাজ্য।