পশ্চিমবঙ্গের কর্মীদের ডিএ ফারাক ৪০%! কেন্দ্র-অরুণাচলের পর বিহারেও ডিএ বৃদ্ধি, বঙ্গে বাড়বে কি?

কেন্দ্র সরকারের তিন শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance – DA) বৃদ্ধির ঘোষণার পর এবার সেই পথে হাঁটল আরও কয়েকটি রাজ্য। সম্প্রতি বিহার সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করার পর এবার অরুণাচল প্রদেশ সরকারও তার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৩% মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্য ত্রাণ (DR) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

অরুণাচল প্রদেশে ডিএ আপডেট:

বৃদ্ধির হার: ৩%

মোট ডিএ: ৫৫% থেকে বেড়ে ৫৮%

কার্যকরীর তারিখ: ১ জুলাই, ২০২৫

রাজ্যের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছেন, এই ডিএ/ডিআর বৃদ্ধি রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং রাজ্যে কর্মরত এআইএস অফিসারদের জন্য কার্যকরী হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যে কর্মরত হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

বিহারেও ডিএ বৃদ্ধি:

একইভাবে, বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে কেন্দ্রকে অনুসরণ করে বিহার সরকারও তাদের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এতদিন বিহারের সরকারি কর্মীরা ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, যা এখন বেড়ে ৫৮ শতাংশ হচ্ছে। বিহারেও এই বর্ধিত হারে ডিএ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় সরকার নিজের কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, ফলে কেন্দ্রীয় কর্মীরাও জুলাই থেকে ৫৮ শতাংশ হারে ডিএ পাবেন।

পশ্চিমবঙ্গে ডিএ পরিস্থিতি:

যখন একের পর এক রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও ১৮ শতাংশ হারেই ডিএ পাচ্ছেন। কেন্দ্রের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক বর্তমানে ৪০ শতাংশ। একাধিক রিপোর্টে যদিও দাবি করা হচ্ছে যে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার ডিএ বাড়াতে পারে, তবে আপাতত তা শুধুমাত্র জল্পনা মাত্র। এই সংক্রান্ত কোনও সরকারি ঘোষণা এখনও হয়নি।