রাতে স্ত্রী ‘নাগিন’ হয়ে কামড়াতে আসে! উত্তরপ্রদেশের স্বামীর আজব অভিযোগ শুনে হতবাক জেলা ম্যাজিস্ট্রেট

উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় ঘটেছে এক বিস্ময়কর ঘটনা, যা এখন গোটা এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। লোধাসা গ্রামের বাসিন্দা মেরাজ নামে এক ব্যক্তি দাবি করেছেন, তাঁর স্ত্রী রাতে ‘নাগিন’ রূপ ধারণ করে এবং তাঁকে তাড়া করে কামড়াতে চায়! এই আজব অভিযোগ নিয়ে তিনি সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক আনন্দের কাছে দ্বারস্থ হয়েছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসে গত ৪ অক্টোবর ‘সমাধান দিবস’ বা জনঅভিযোগ নিষ্পত্তি দিবসে। সাধারণত মানুষ বিদ্যুৎ বা রাস্তা-ঘাট সংক্রান্ত অভিযোগ নিয়ে এলেও, মেরাজের অভিযোগ শুনে উপস্থিত কর্মকর্তারা রীতিমতো হতবাক হয়ে যান।
‘আমাকে কামড়াতে তাড়া করে’
মেরাজ তাঁর অভিযোগে জানান, তাঁর স্ত্রী নাসিমুন মানসিকভাবে অস্থির। তিনি বলেন, “সে রাতে নাগিনের মতো আচরণ করে, হিসহিস শব্দ করে এবং আমাকে কামড়াতে তাড়া করে। কয়েকবার সে আমাকে হত্যার চেষ্টা করেছে, কিন্তু আমি সময়মতো জেগে উঠেছি।” তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় পুলিশকে বারবার জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি বাধ্য হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
মেরাজ লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন যে, তাঁর স্ত্রী ইতিমধ্যেই তাঁকে একবার কামড়েছে এবং প্রায়ই রাতে এই কাণ্ড ঘটায়।
তদন্তের নির্দেশ, সোশ্যাল মিডিয়ায় রসিকতা
জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক আনন্দ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মাহমুদাবাদ এলাকার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশ প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন। মানসিক নির্যাতনের দিকটিও বিবেচনা করা হচ্ছে।” প্রশাসন জানিয়েছে, প্রয়োজন হলে চিকিৎসাগত ও মানসিক মূল্যায়নও করা হবে।
এদিকে, এই ‘নাগিন কাহিনি’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেনরা রসিক মন্তব্যে পোস্টের কমেন্ট বক্স ভরিয়ে তুলেছেন। কেউ লিখেছেন, “এই ব্যক্তি তো ভাগ্যবান, জীবনে শ্রীদেবী পেয়েছেন (১৯৮৬ সালের জনপ্রিয় ছবি নাগিনার অভিনেত্রী)!” আবার কেউ মজা করে বলেছেন, “তাহলে আপনিও কোবরা হয়ে যান!”
বর্তমানে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত শুরু করেছে। সীতাপুরের এই ঘটনা এখন সব মহলে আলোচনার বিষয়।