‘অনেকে জলে ডুবে, কাগজপত্র নষ্ট’, দুর্যোগ-উৎসবের মাঝে SIR নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী

ভোটার তালিকা সংশোধনের নিবিড় প্রক্রিয়া (SIR) নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশন ও কেন্দ্রের অফিসারদের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের বিশেষ টিম বাংলায় আসার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন: “এসআইআরের নাম করে ফেস্টিভ্যালের সময়টাকে কেন বেছে নেওয়া হয়েছে?”
১৫ অক্টোবরের পর বাংলায় SIR শুরু হতে পারে বলে জল্পনা ওঠার পরই বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
দুর্যোগ ও উৎসবের মাঝে SIR কেন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ, যখন গোটা বাংলায় দুর্যোগ চলছে, মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে, সামনে কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো—তখনই তড়িঘড়ি এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, “একদিকে গোটা বাংলায় দুর্যোগ চলছে… চারপাশে যখন দুর্যোগ-দুর্ভোগ সেখানে ২ মাসের মধ্যে সম্পূর্ণ ভোটার লিস্ট কী করে? প্রত্যেকটা মানুষ গিয়ে কী করে তার ডিটেলস দেবে? তারা তো নেই। অনেকে তো বেড়াতে চলে গিয়েছে, অনেকে তো জলে ডুবে গিয়েছে, কাগজপত্র নষ্ট হয়েছে, অনেকে তো পুজো-পার্বনে ব্যস্ত আছে!”
তিনি আরও বলেন, “বিহারের তো ছট পুজোটাই বড় পুজো, কিন্তু আমাদের এখানে সব পুজোই উৎসব। বাংলার উৎসব একটু আলাদা।”
বিজেপি ও কেন্দ্রের অফিসারদের বিরুদ্ধে তোপ
মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপি ও কেন্দ্রের অফিসারদের নিশানা করেন। বিহার প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষের সুরে বলেন, “বিহারে করতে পেরেছিলেন কারণ ওখানে বিজেপি সরকার আছে। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। বাংলায় অনেক সম্প্রদায়ের মানুষ আছে। হিন্দু, মুসলিম, শিখ, তফসিলি জাতি, উপজাতি আছে।”
নির্বাচন কমিশনের কর্তাদেরও তিনি আলাদা করে আক্রমণ করেন। নাম না করে এক অফিসারকে নিশানা করে তিনি বলেন: “একটা কথা আছে না বাঁশের চেয়ে কঞ্চি বড়। এখানে যিনি রাজ্য থেকে গিয়েছেন, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে… তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন। এদিকে তিনি নিজেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ।”
মুখ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারি রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই রাজনৈতিক চাপানউতোরকে চরমে তুলল।