গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মত ইজরায়েল ও হামাস, জেনেনিন এখন কী হবে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইজরায়েল এবং হামাস আমেরিকার মধ্যস্থতায় তৈরি হওয়া শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। এই চুক্তির লক্ষ্য হলো গাজায় যুদ্ধ বন্ধ করা এবং আটক বন্দিদের মুক্তি নিশ্চিত করা। হামাস এই গাজা চুক্তিতে সম্মত হয়েছে, যা বৃহস্পতিবার মিশরে স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

চুক্তির এই প্রথম ধাপে যেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে:

ত্রাণ পৌঁছানোর জন্য গাজায় অবিলম্বে পাঁচটি ক্রসিং খুলে দেওয়া।

গাজা প্রত্যাহারের মানচিত্রে পরিবর্তন আনা।

প্রথম ধাপে জীবিত ২০ জন ইজরায়েলি বন্দির মুক্তি নিশ্চিত করা।

সেনা প্রত্যাহারের আশ্বাস ট্রাম্পের
মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্ক নিশ্চিত করেছে যে যতক্ষণ পর্যন্ত উভয় পক্ষই চুক্তির শর্ত মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত আক্রমণ পুনরায় শুরু হবে না। অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী, গাজার বেশিরভাগ এলাকা থেকে ইজরায়েলি সেনা সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই হামাস এই সপ্তাহান্তে ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দেবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “এর অর্থ হলো খুব শীঘ্রই সমস্ত বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং ইজরায়েল একটি নির্দিষ্ট পরিমাণে তার সেনা প্রত্যাহার করবে, যা একটি শক্তিশালী ও স্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ হবে। সকল পক্ষের প্রতি ন্যায্য আচরণ করা হবে।”

নেতানিয়াহু ও ট্রাম্পের অভিনন্দন
চুক্তিকে স্বাগত জানিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং একে অপরের প্রতি অভিনন্দন জানিয়েছেন। দুই নেতাই তাঁদের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন। নেতানিয়াহু এই ঐতিহাসিক মুহূর্তের পর ট্রাম্পকে ইজরায়েলি নেসেটে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছেন।

নেতানিয়াহু সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, “এটি ইজরায়েলের জন্য একটি বড় দিন। আগামীকাল আমি সরকারকে এই চুক্তি অনুমোদন করার আহ্বান জানাব… প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

কাতার ও মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকা
বুধবার গভীর রাতে ইজরায়েল, হামাস এবং মধ্যস্থতাকারী কাতার গাজা শান্তি চুক্তির প্রাথমিক পর্যায়ের বিষয়টি নিশ্চিত করেছে। তবে গাজার শাসনব্যবস্থা নাকি হামাসের নিরস্ত্রীকরণের মতো আরও বিতর্কিত বিষয়গুলির সমাধান হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল, মিশর এবং কাতারের আলোচকরা সোমবার থেকে মিশরের রিসোর্ট শহর শারম আল-শেখে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের কাঠামো চূড়ান্ত করেছেন। এই অমীমাংসিত বিষয়গুলি সমাধানের জন্য মিশরে আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে, যা চুক্তির পরবর্তী পর্যায়গুলিকে রূপ দেবে বলে আশা করা হচ্ছে।