ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে বাড়ছে ক্ষোভ, তরুণ নেতাদের মুখে ‘সেফ এগজিট’, কেন?

আগামী বছর সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক মহলে চরম অস্থিরতা দেখা দিয়েছে। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং অভ্যুত্থান-পরবর্তী মিত্রদের মধ্যে মতবিরোধ এখন প্রকাশ্যে চলে এসেছে। নির্বাচনের প্রস্তুতি শুরুর মাঝেই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ বন্ধ করে এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতাদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে অধ্যাদেশ জারি করা হয়েছে।
এই পরিস্থিতিতে ইউনূস সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, যা বাংলাদেশে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ বা সমঝোতা করে নিজেদের ‘সেফ এগজিট’ (নিরাপদ প্রস্থান)-এর কথা ভাবছেন।
নাহিদ ইসলাম বলেন, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিট্রে (প্রতারণা) করেছে। যখন সময় আসবে, তখন আমরা এদের নামও উন্মুক্ত করব।” এই মন্তব্যের মূল অভিযোগ দুটি:
১. সরকারে থাকার সুযোগ নিয়ে উপদেষ্টারা ব্যক্তিগত ফায়দা তুলেছেন।
২. উপদেষ্টারা রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করে নির্বাচনের পর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন।
‘আমি কোনো এগজিট খুঁজছি না’: রিজওয়ানা হাসান
নাহিদ ইসলামের এই গুরুতর অভিযোগের পর মুখ খুলেছেন পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি স্পষ্ট করেছেন, এই বিষয়গুলো নাহিদকেই পরিষ্কার করতে হবে।
নিজের অবস্থান জানিয়ে রিজওয়ানা হাসান দৃঢ়ভাবে বলেছেন, “আমি একদম কোনও ‘এগজিট’ খুঁজছি না, দেশেই ছিলাম… বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সঙ্গে।”
নাহিদ ইসলামের পক্ষ নিয়ে এনসিপি-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপদেষ্টাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তাঁরা এখন দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এগজিট নিতে পারলেই হলো।
সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, “তাঁরা এত শহিদের ওপর, এত রক্তের ওপর দাঁড়িয়ে ওইখানে আছেন। তাঁরা যদি এখন জীবনের একটু থ্রেটের ভয় করেন, তাহলে তো ওই দায়িত্ব তাঁদের নেওয়া উচিত ছিল না।” তিনি আরও বলেন, যদি কেউ সমঝোতার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে “কোথায় সেফ এক্সিট নেবেন, পৃথিবীতে সেফ এগজিট নামের একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এ ছাড়া কোনো সেফ এগজিট নেই।”
উল্লেখ্য, শেখ হাসিনার পতন ঘটানো গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের উদ্যোগেই এনসিপি গঠিত হয় এবং মূলত তাঁদের প্রচেষ্টাতেই মহম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হন। ইউনূস তাঁর উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামসহ তিন ছাত্র প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করেছিলেন। নাহিদ পরে এনসিপির নেতৃত্ব দিতে পদত্যাগ করলেও, বাকি দু’জন এখনও উপদেষ্টা হিসেবে রয়ে গেছেন।