বানভাসি উত্তরবঙ্গে সাহায্যের হাত! শুকনো খাবার নিয়ে আজ রাতেই শিলিগুড়ি যাচ্ছেন বিজেপি সাংসদ সুকান্ত

প্রাকৃতিক দুর্যোগের জেরে উত্তরবঙ্গজুড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসের পরিস্থিতিতে দুর্গত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।

মঙ্গলবার দুপুরে তাঁদের যৌথ উদ্যোগে উত্তরবঙ্গের বন্যা দুর্গত অঞ্চলের মানুষজনের জন্য প্রায় ১০০ কুইন্টাল চাল এবং শুকনো খাবার পাঠানো হয়েছে।

আজ রাতেই শিলিগুড়ি যাচ্ছেন সুকান্ত
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ত্রাণ সামগ্রী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং শিলিগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় বণ্টন করা হবে।

ত্রাণ পাঠানোর পাশাপাশি তিনি আরও বড় ঘোষণা করেছেন। সুকান্ত মজুমদার জানান, আজ রাতেই তিনি নিজে শিলিগুড়ি পৌঁছে যাবেন। সেখানে গিয়ে তিনি নিজের তরফ থেকেও দুর্গতদের মধ্যে কিছু শুকনো খাবার বিতরণ করবেন এবং উদ্ধার ও ত্রাণ কাজে স্থানীয় কর্মী-সমর্থকদের সাহায্য করবেন।

বিজেপি সাংসদের এই দ্রুত পদক্ষেপের ফলে জলমগ্ন ও বিপর্যস্ত অঞ্চলের মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে মনে করা হচ্ছে।