“দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ!”-দুর্গাপ্রতিমা বিসর্জন ঘিরে রণক্ষেত্র, ১২ ঘণ্টার বনধ!

দুর্গাপ্রতিমা বিসর্জন ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল ওডিশার কটক শহরে। শনিবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে ওডিশার বিজেপি সরকারের বিরুদ্ধে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে আজ, সোমবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)।

পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ইতিমধ্যেই শহরের সংবেদনশীল এলাকাগুলিতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড়টা নাগাদ হাতিপোখরির কাছে কয়েকটি পুজো কমিটির বিসর্জন শোভাযাত্রা চলাকালীন ঘটনার সূত্রপাত। অভিযোগ, শোভাযাত্রায় তারস্বরে গান বাজানো নিয়ে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। প্রথমে তর্কাতর্কি শুরু হলেও তা দ্রুত হাতাহাতিতে গড়ায়।

কিছুক্ষণের মধ্যেই একদল দুষ্কৃতী আশপাশের বাড়ির ছাদ থেকে শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ও কাঁচের বোতল ছুড়তে শুরু করে বলে অভিযোগ। মুহূর্তে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। বেশ কিছু গাড়ি এবং দোকানপাট ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ কড়া পুলিশি পাহারায় প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।

রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায় যখন একটি সংগঠন বাইক র‌্যালির অনুমতি চায়। কিন্তু সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কায় পুলিশ সেই আবেদনে সাড়া দেয়নি। ভুবনেশ্বর-কটকের পুলিশ কমিশনার সুরেশ দেবদত্ত সিংহ জানিয়েছেন, “বাইক র‍্যালির আবেদন খারিজ করা হয়েছিল। পাথরের আঘাতে চারজন আহত হয়েছেন, যার মধ্যে একজন চিকিৎসাধীন।”

সংঘর্ষে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, ভিএইচপি সদস্যরা ডিসিপি এবং জেলাশাসকের বদলির দাবিতে বিক্ষোভ দেখান।

ভিএইচপি এই ঘটনায় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে দাবি করেছে, বারবার সতর্ক করা সত্ত্বেও প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। যদিও মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আহতদের বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দিয়েছেন এবং বিজু জনতা দল (BJD) হিংসার নিন্দা করেছে।