বড়দের জন্যও চরম বিপদ! মোবাইলের নেশায় ভুলে যাচ্ছেন সুরক্ষা, চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করলে কী হতে পারে?

ইদানিং মোবাইল ফোনের প্রতি শিশুদের আসক্তি অভিভাবকদের দুশ্চিন্তার প্রধান কারণ। ইন্টারনেট সার্ফিং, ইউটিউব বা ভিডিও গেমে বুঁদ হয়ে থাকছে কচিকাঁচারা, যা জন্ম দিচ্ছে নানাবিধ মানসিক সমস্যা ও পড়াশোনায় অমনোযোগিতার। এরই মাঝে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখিয়ে দিল মোবাইল আসক্তি কত বড় বিপদ ডেকে আনতে পারে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি শিশু তার ঘরে মোবাইল ফোন চার্জে বসিয়েই মনোযোগ দিয়ে ভিডিও গেম খেলছে। খেলতে খেলতেই হঠাৎ ফোনটি থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আতঙ্কিত শিশুটি সঙ্গে সঙ্গে ফোনটি ছুঁড়ে ফেলে ঘর থেকে দৌড়ে পালায়। সৌভাগ্যবশত, শিশুটি কোনও আঘাত পায়নি, তবে একটুর জন্য মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
কেন চার্জিং চলাকালীন ফোন ব্যবহার করা বিপজ্জনক?
এই ঘটনাটি এখনকার অভিভাবকদের জন্য একটি চরম সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে, চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করা মারাত্মক বিপজ্জনক হতে পারে।
চার্জিং চলাকালীন ফোন ব্যবহার করলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।
দীর্ঘ সময় ধরে অতিরিক্ত গরম হওয়ার ফলে মোবাইলের ব্যাটারি ফেটে যেতে পারে, যা বড় ধরনের অগ্নিকাণ্ড বা আঘাতের কারণ হতে পারে।
বিপজ্জনক এই অভ্যাস শুধু ছোটদের জন্য নয়, যে কোনো বয়সের ব্যক্তির জন্যেই চরম ঝুঁকিপূর্ণ।
ভিডিওটি দেখে অনেকেই তাজ্জব, কারণ কেবল ছোটরা নয়, বড়রাও অনেকেই সোশ্যাল মিডিয়ায় মোবাইল ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করেন। এর ফলে কেবল মোবাইলটি নষ্ট হয় না, জীবনহানির মতো ভয়ংকর পরিণতিও হতে পারে। তাই, মোবাইল ব্যবহার করার সময় সুরক্ষার বিষয়ে সতর্ক থাকা অপরিহার্য।