মালয়েশিয়ায় দারিদ্র্যের ভয়াবহ ছবি! ২ বছর ধরে মসজিদে ক্যাম্পাসে গাড়িতেই বাস স্বামী-স্ত্রী ও ২ সন্তানের!

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বন্দরবারু সেন্ট্রাল এলাকার আম্রু আল-আস মসজিদের প্রাঙ্গণে দুই বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি পুরনো গাড়ি হঠাৎই সবার নজর কেড়েছে। বাইরে থেকে পরিত্যক্ত মনে হলেও, স্থানীয়রা এর ভিতরে এসে যা দেখলেন, তা দারিদ্র্যের এক বেদনাদায়ক সত্যকে সামনে এনেছে।
একটি সম্পূর্ণ পরিবার— স্বামী, স্ত্রী এবং তাদের দুই ছোট সন্তান— এই গাড়িতেই বসবাস করছিল। ছোট বাচ্চারা পাশের এসকে শ্রী পেরাক স্কুলে পড়াশোনা করে, আর রাত কাটায় গাড়ির পিছনের সিটে। এই করুণ গল্প সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ দারিদ্র্যের এই নিষ্ঠুর মুখ নিয়ে প্রশ্ন তুলছেন।
কেন পথে নামতে বাধ্য হল পরিবারটি?
জানা যায়, পরিবারটি ভালো জীবনের আশায় টেমারলোহ, পাহাং প্রদেশ থেকে কুয়ালালামপুর এসেছিল। কিন্তু চাকরির অভাব, লাগামছাড়া মুদ্রাস্ফীতি এবং ভাড়ার চাপ তাঁদের পথে নামতে বাধ্য করেছে। খোলা জায়গায় থাকার চেয়ে গাড়িতে থাকাকেই তাঁরা নিরাপদ মনে করেছেন। মসজিদের পার্কিং সুবিধা কিছুটা আশ্রয় দিলেও, বৃষ্টির দিনে তাঁদের দুর্ভোগের শেষ ছিল না।
উম্নো বাটুর তত্ক্ষণাত্ পদক্ষেপ
এই বেদনাদায়ক ঘটনাটি ফেডারেল টেরিটরি উম্নো ইনফর্মেশন চিফ দাতুক সুলম মুজফ্ফর গুলম মুস্তাকিমের নজরে আসে। তিনি ফেসবুকে পোস্ট করে লেখেন, “এই পরিবার সম্পূর্ণভাবে তাঁদের গাড়ির উপর নির্ভরশীল। বাচ্চারা স্কুলে যায়, কিন্তু বাড়ির মতো কিছু নেই।”
ঘটনাটি সামনে আসার পর উম্নো বাটু তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে। তারা ফেডারেল টেরিটরি ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল (মাইভপ) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এর সঙ্গে যোগাযোগ করেছে এবং একটি ট্রানজিট হাউসের দাবি করেছে।
দাতুক সুলম বলেছেন, “আমরা একটি ভাড়ার বাড়ি ওদের দেওয়ার চেষ্টা করছি যাতে পরিবারটি কিছুটা আরামে থাকতে পারে এবং শিশুরা শিক্ষার থেকে বঞ্চিত না হয়।” মসজিদ কমিটিও তাঁদের খাবার ও জলের ব্যবস্থা করেছে।
‘ধনী দেশে এটা কী করে সম্ভব?’
ভাইরাল পোস্টে হাজার হাজার মন্তব্য এসেছে, যেখানে অনেকেই এই পরিবারকে দান করার প্রস্তাব দিয়েছেন। একজন ইউজার প্রশ্ন তুলেছেন, “মালয়েশিয়ার মতো ধনী দেশে এটি কীভাবে সম্ভব? সরকারকে দায়িত্ব নিতে হবে।”
বিশেষজ্ঞরা মনে করেন, মালয়েশিয়ায় দারিদ্র্যের এই সমস্যা নতুন নয়। কোভিড-১৯ মহামারীর পর অর্থনৈতিক মন্দা লক্ষ লক্ষ পরিবারকে প্রভাবিত করেছে। কুয়ালালামপুরের মতো ব্যয়বহুল শহরে একটি ছোট ফ্ল্যাটের ভাড়া ১৫০০ রিংগিট (প্রায় ২৮,০০০ টাকা) থেকে শুরু হয়, যা অনেক পরিবারের পক্ষে অসম্ভব। এই পরিস্থিতিতেই পরিবারটি গাড়িতে বাস করতে বাধ্য হয়েছে।