সোনম ওয়াংচুকের গ্রেপ্তারি, সুপ্রিম কোর্টের নোটিস কেন্দ্রকে!, কেন এই মামলা?

ইঞ্জিনিয়ার, গবেষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেপ্তারির বৈধতাকে চ্যালেঞ্জ করে তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই মামলার প্রেক্ষিতে আজ, সোমবার শীর্ষ আদালত কেন্দ্র, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং যোধপুর সেন্ট্রাল জেলের পুলিশ সুপারকে নোটিস জারি করেছে। ফলে আপাতত এই দিন কোনো স্বস্তি পেলেন না সোনম। মামলাটির পরবর্তী শুনানি হবে ১৪ অক্টোবর।

বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে মামলাটি ওঠে। গীতাঞ্জলি আংমো তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তির দাবি জানান। একই সঙ্গে, স্বামীর সঙ্গে ফোনে কথা বলা ও সরাসরি দেখা করার অনুমতি চেয়েছেন তিনি।

এছাড়াও, ওয়াংচুককে জেলে ওষুধ, জামাকাপড়, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছেন গীতাঞ্জলি।

আংমোর আইনজীবী আদালতে দাবি করেন, সোনমকে আটক করার কারণগুলি পরিবারকে জানানো হয়নি। এর পাল্টা সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, ওয়াংচুককে গ্রেপ্তারের কারণ ইতিমধ্যেই তাঁকে জানানো হয়েছে। সেই কারণগুলি আংমোকে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন সলিসিটর জেনারেল।

উল্লেখ্য, লাদাখে বিক্ষোভের ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (NSA)-এর অধীনে সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তার কারণে তাঁকে লেহ-র জেলে না রেখে রাজস্থানের যোধপুর জেলে স্থানান্তরিত করা হয়েছে। সোনমের স্ত্রী গীতাঞ্জলি সুপ্রিম কোর্টে আবেদন করার পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও লাদাখের লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি দিয়েও স্বামীর মুক্তি চেয়েছেন।