কপিল শর্মাকে কোটি টাকা তোলা চেয়ে হুমকি, পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার অভিযুক্ত, গ্যাংস্টার যোগের তদন্তে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ

জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মাকে (Kapil Sharma) কোটি টাকা তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অভিযুক্ত দিলীপ চৌধুরীকে শনিবার গ্রেফতারের পর মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আদালত তাঁকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
এই ঘটনায় গ্যাংস্টারদের নাম উঠে আসায় বি-টাউন তারকাদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে।
যেভাবে হুমকি দেওয়া হয়
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দিলীপ চৌধুরী প্রথমে অভিনেতা কপিল শর্মার এক ঘনিষ্ঠ ব্যক্তিকে ফোন করেন। পরে একটি ভিডিও পাঠিয়ে কোটি টাকা তোলা দাবি করেন। টাকা না দিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল।
এই হুমকির সময় অভিযুক্তরা কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা এবং গোল্ডি ব্রারের (Rohit Godara and Goldy Brar) নাম ব্যবহার করেছিল বলে জানা যায়।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল তদন্ত শুরু করে এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দিলীপ চৌধুরীর অবস্থান জানতে পারে। স্থানীয় পুলিশের সাহায্যে পশ্চিমবঙ্গ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ক্যাফেতে গুলির ঘটনার রেশ কাটেনি
কপিল শর্মাকে ঘিরে সাম্প্রতিক অতীতে এটি দ্বিতীয় বড় নিরাপত্তা জনিত ঘটনা। মাত্র কয়েক মাস আগেই কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে এলাকায় তাঁর সদ্য চালু হওয়া ক্যাফে ‘ক্যাপস’ (Cap’s)-এ গুলি চালনার ঘটনা ঘটেছিল। জুলাই মাসের সেই রাতে মোট ৯টি গুলি করা হয়েছিল। সেই ঘটনার দায় নিয়েছিল খালিস্তানি জঙ্গি হারজিৎ সিং লাড্ডি (Harjit Singh Laddi)।
সেই হামলার রেশ কাটতে না কাটতেই এবার তোলা চেয়ে হুমকির ঘটনায় তদন্তকারীদের অনুমান, বি-টাউনের তারকাদের মধ্যে ভয় দেখাতেই এই ধরনের কাজ করা হচ্ছে।
মুম্বই ক্রাইম ব্রাঞ্চ বর্তমানে দিলীপ চৌধুরীকে জেরা করে এই ঘটনার পিছনে আর কেউ জড়িত ছিল কিনা এবং গ্যাংস্টারদের নামের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে।