শাহবাজ সহ গোটা পাকিস্তানকে সর্বসমক্ষে ধুয়ে কাপড় পরিয়ে দিলেন এই মহিলা! জানেন তার পরিচয়?

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মঞ্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘অপারেশন সিঁদুর’ ও কাশ্মীর প্রসঙ্গে যে ভিত্তিহীন দাবি তুলেছিলেন, ভারত তার ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি পেতাল গেহলট পাকিস্তানকে তাদের দেশের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে রক্ষা করার অভিযোগে আক্রমণ করে বলেন, ‘পরাজয়কে জয় হিসেবে তুলে ধরতেই পাকিস্তান ভুয়ো তথ্য ছড়াচ্ছে।’

পেতাল গেহলট স্পষ্ট জানান, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সেনাঘাঁটিগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরই ইসলামাবাদ সরাসরি ভারতের কাছে যুদ্ধবিরতির আবেদন করে। তাঁর কটাক্ষ ছিল তীক্ষ্ণ:

“ভাঙাচোরা রানওয়ে আর পুড়ে যাওয়া হ্যাঙ্গার যদি পাকিস্তানের কাছে বিজয়ের প্রতীক হয়, তবে তাদের সেই ভ্রমেই থাকতে দিন। ওরা সেটা নিয়েই আনন্দ করুক।”

তিনি পাকিস্তানের কাজকর্মকে নিছকই ‘অযৌক্তিক নাটকীয়তা’ বলে অভিহিত করেন।

পাকিস্তানের বিদেশনীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে মহৎ করে দেখানোর পুরনো অভ্যাসকে কাঠগড়ায় তুলে ধরেন গেহলট। তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরেন, পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার জন্য দায়ী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-কে কীভাবে পাকিস্তান আড়াল করছে।

তিনি আরও মনে করিয়ে দেন, আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকেও বছরের পর বছর পাকিস্তানই লালন পালন করেছিল, অথচ বিশ্বকে বিভ্রান্ত করতে তারা সন্ত্রাসবিরোধী যুদ্ধে শরিক হওয়ার ভান করত। গেহলটের কড়া মন্তব্য:

“কোনও নাটক বা মিথ্যা দিয়ে সত্য চাপা দেওয়া যায় না। এটাই সেই পাকিস্তান, যারা গত ২৫ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কে পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের দায় থেকে বাঁচাতে মরিয়া চেষ্টা করেছিল।”

শরিফ কাশ্মীরের মানুষের উপর ভারতের ‘অত্যাচার’ বন্ধ হবে বলে মন্তব্য করার পর পরই ভারত এই জবাব দিল। সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের যে অভিযোগ পাক প্রধানমন্ত্রী এনেছিলেন, তারও জবাব দিয়েছে ভারত।

নয়াদিল্লিতে জন্মগ্রহণ করা এবং মুম্বই ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা পেতাল গেহলটের এই জোরাল ভাষণ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।