রাবণ-কংশের সঙ্গে বিজেপির তুলনা! সোনম ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল, তোলপাড় রাজনীতি!

লাদাখের রাজধানীতে চরম সংঘর্ষের দু’দিনের মাথায় জলবায়ু ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে লেহ-পুলিশের নাটকীয় গ্রেফতারের ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলের শীর্ষ নেতারা। আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল এই গ্রেফতারিকে “একনায়কতন্ত্রের প্রতিফলন” বলে তীব্র কটাক্ষ করেছেন।
রাবণ-হিটলারের সঙ্গে তুলনা কেজরিওয়ালের
সোনম ওয়াংচুকের গ্রেফতারির প্রেক্ষিতে বিজেপিকে একহাত নিয়ে কেজরিওয়াল বলেন, “রাবণ, কংশের অবসান হয়েছিল। হিটলার, মুসোলিনির একনায়কতন্ত্রও একদিন শেষ হয়েছিল। আজ এই নামগুলোকে মানুষ ঘৃণা করে।”
তিনি আরও বলেন, “বর্তমানে আমাদের দেশেও একনায়কতন্ত্র মাথাচাড়া দিয়েছে। এর সমাপ্তি প্রয়োজন।” সমাজকর্মীর গ্রেফতারি নিয়ে কেজরিওয়ালের এই কড়া মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে।
‘লাদাখকে দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছু হঠছে কেন্দ্র’
অন্যদিকে, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহও এই গ্রেফতারিকে “দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি অভিযোগ করেন, “গতকাল থেকেই কেন্দ্র সরকারের হাবভাব দেখে মনে হচ্ছিল তারা এরকম কিছু করবে। লাদাখের জনগণকে প্রতিশ্রুতি দেওয়ার পর এখন কেন্দ্র সরকার পিছু হঠছে!”
গ্রেফতারি নিয়ে বিতর্ক
বুধবার লাদাখে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করার অভিযোগে শুক্রবার সোনম ওয়াংচুককে গ্রেফতার করে লেহ পুলিশ। যদিও, ওয়ংচুক সংঘর্ষের তীব্র বিরোধিতা জানিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে বসার ঠিক আগেই তাঁকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়।
লাদাখকে রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিল লেহ অ্যাপেক্স বডি, যার নেতৃত্ব দিচ্ছিলেন ওয়াংচুক। তিনি নিজেই বলেছিলেন, “এই সহিংসতা আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আচমকা কিছু উন্মত্ত জেন-জি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
সোনম ওয়াংচুকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে লেহ অ্যাপেক্স বডি।